আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিলের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। সূত্র জানায়, গত রোববার হাইকোর্টে আবেদনটি করা হয়। জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে আবেদন করা হয়েছে। জানা যায়, এর আগে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে জামায়াত নেতারদের পক্ষে করা তিনটি রিট হাইকোর্টে খারিজ হয়েছে। এর মধ্যে সংবিধানের প্রথম সংশোধনী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি বিধান চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ২৩ আগস্ট খারিজ করে দেন হাইকোর্ট। এ রিটে জামায়াতের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলার (বিবিধ) কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাতটি ধারা ও উপধারার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্য পদে হাইকোর্টের দুই বিচারপতির দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াত সমর্থক আইনজীবী নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী হাইকোর্টে রিট করলে গত ২৮ জুলাই তা সরাসরি খারিজ হয়ে হয়। নয়াদিল্লি চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধবন্দীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ২২ আগস্ট হাইকোর্টে যে রিট করা হয়েছিল, তা-ও সরাসরি খারিজ করে দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।