আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল আবারও পিরোজপুরে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে করা মামলার তদন্তে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল গতকাল বুধবার পিরোজপুরে এসেছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দলটি প্রথমে সার্কিট হাউসে মামলার তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের সঙ্গে কথা বলে। পরে তারা জিয়ানগর উপজেলার পাড়েরহাট বন্দরে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে।তদন্ত দলের অপর দুই সদস্য হলেন সিআইডির পরিদর্শক নূর হোসেন ও পরিদর্শক আতাউর রহমান। এ নিয়ে ট্রাইব্যুনালের তদন্ত দলটি চারবার পিরোজপুরে গেল।উল্লেখ্য, সদর উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা মানিক পশারী ২০০৯ সালের ১২ আগস্ট সাঈদীসহ চারজনের বিরুদ্ধে পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। একই বছরের ৩১ আগস্ট সাঈদীসহ পাঁচ জনের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা হয়।