আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুর রহমানের পদত্যাগ
পারিবারিক কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (প্রসিকিউটর) পদ থেকে পদত্যাগ করেছেন আইনজীবী আবদুর রহমান হাওলাদার। গত সোমবার আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
আইনজীবী আবদুর রহমান হাওলাদার আজ প্রথম আলোকে বলেন, পারিবারিক কারণে তিনি প্রসিকিউটরের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ঢাকা আইনজীবী সমিতির আগামী বছরের নির্বাচনে সভাপতি পদে তিনি প্রার্থী হবেন।
আবদুর রহমানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রসিকিউটরের পদ থেকে আবদুর রহমান ইস্তফা চেয়ে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ এবং গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করে আইন মন্ত্রণালয়। এ ছাড়া ২০১৪ সালে ছুটি নিয়ে বিদেশে গিয়ে সময়মতো ফিরে না আসায় রাষ্ট্রপক্ষের আরেক প্রসিকিউটর এ কে এম সাইফুল ইসলামকে অপসারণ করে।