আন্তর্জাতিক অর্থ পাচার বিশেষজ্ঞ দলের সঙ্গে আজ দুদকের বৈঠক
মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন বন্ধে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের সত্যতা যাচাইয়ে ঢাকায় আসা আন্তর্জাতিক অর্থ পাচার বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকে বসছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রথম দিনের বৈঠক হবে। আগামী মঙ্গলবার আবারও দুদকের সঙ্গে বসবে প্রতিনিধিদলটি।
আন্তর্জাতিক মানি লন্ডারিং বিশেষজ্ঞ দলের (এশিয়া প্যাসিফিক গ্রুপ—এপিজি) সদস্যরা ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। দুই সপ্তাহের সফরে বিশেষজ্ঞ দলটি অর্থ, পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, দুদক, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবে।
এপিজির সঙ্গে বৈঠক সামনে রেখে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটি বিশদ কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে বলে সূত্র জানিয়েছে। দুদকের কর্মকাণ্ড, অর্থ পাচার-সংক্রান্ত দুদকের অনুসন্ধান-মামলাসহ নানা বিষয় বিশেষজ্ঞদের সামনে তুলে ধরা হবে।
২০০৮ সালের আগ পর্যন্ত মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম ছিল বাংলাদেশের। তবে বিশ্বের মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) সদস্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর সংস্থাটির নজরদারির মধ্যে পড়ে বাংলাদেশ। এ সময় তারা ৪০টি শর্ত প্রতিপালনের পরামর্শ দেয়। একই সঙ্গে সংস্থাটি তাদের দেওয়া শর্ত ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি না, তারও মূল্যায়ন করে।
তারই ধারাবাহিকতায় সরকার নানা পদক্ষেপ নেয় এবং তার তথ্য ওই সংস্থাটিকে সরবরাহ করে। ফলে বাংলাদেশ মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে ২০১৪ সালে বের হয়ে আসে। ওই সময়ে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সত্যিকার অর্থেই যথাযথ ছিল কি না, নাকি মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল, তা সরেজমিন খতিয়ে দেখতে ঢাকায় এসেছে মানি লন্ডারিং রোধ বিষয়ে বিশেষজ্ঞ দলটি।