আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর পরিদর্শন ইউনূসের

সুইজারল্যান্ডের লুজানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর পরিদর্শন করলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাকের এক আমন্ত্রণে গত রবি ও সোমবার এ পরিদর্শন করেন তিনি।
অলিম্পিক কমিটির সদর দপ্তরে ইউনূসকে সাদর অভ্যর্থনা জানান টমাস বাক। পরে তাঁকে অলিম্পিক জাদুঘর ঘুরে দেখান এবং বিভিন্ন উপকরণের ইতিহাস ও গুরুত্ব ব্যাখ্যা করেন। জাদুঘরটিতে প্রদর্শিত নিদর্শনের মধ্যে অলিম্পিক টর্চ ও বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ মুহূর্ত উল্লেখযোগ্য।
অলিম্পিক সভাপতি ও তাঁর স্ত্রী মুহাম্মদ ইউনূসকে একটি ব্যক্তিগত নৈশভোজেও আমন্ত্রণ জানান। তাঁরা এ সময় তাঁর কাছে অলিম্পিকের আয়োজক শহর বাছাই প্রক্রিয়া, যুব অলিম্পিকের পুনর্বিন্যাস, অলিম্পিকের ইতিহাস ও মর্ম আরও বেশিসংখ্যক মানুষ বিশেষত, যুবসমাজের কাছে পৌঁছে দিতে বিভিন্ন দেশে ছোট আকারে জাদুঘর স্থাপনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে ধারণা জানতে চান।
পরে ইউনূস ধারণা দিলে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে বাকের নির্দেশনায় একটি দলও গঠন করা হয়। এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে দুই পক্ষের প্রতিনিধিরা শিগগির কাজ শুরু করবেন। বিজ্ঞপ্তি।