ফসলের রোগ ও পোকা দমনের জন্য উদ্ভাবিত পরিবেশবান্ধব আইপিএম (সমন্বিত বালাইব্যবস্থা) প্রযুক্তির প্রয়োগ এশিয়া ও আফ্রিকা মহাদেশের সর্বত্র নিশ্চিত করতে হবে। এ প্রযুক্তিতে সুস্থ-সবল বীজের ব্যবহার, জৈব সারের যথোপযুক্ত ব্যবহার এবং রাসায়নিক সারের ন্যূনতম ব্যবহার সম্ভব হয়। টেকসই কৃষি উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে এর কোনো বিকল্প নেই।গতকাল বৃহস্পতিবার এশিয়া ও আফ্রিকায় আইপিএমের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক আইপিএম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি কৃষি বিজ্ঞানীরা এসব কথা বলেন।জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন এম এ করিম। আইপিএমের সদস্য অধ্যাপক বাহাদুর মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আইপিএমের এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সভাপতি অধ্যাপক হিদিটিকা হরি, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক আলী আকবর প্রমুখ।