আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে এসপিজিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি আবেদন খারিজ করে দেন। রায়ের পর আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতে কাজ করা সংগঠন দ্য স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপাট্রিয়েশন কমিটি (এসপিজিআরসি) বিষয়টি আন্তর্জাতিক আদালতে উত্থাপনের কথা বিবেচনা করছে। গতকাল রোববার পাকিস্তানের ইংরেজি দৈনিক ট্রিবিউন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসপিজিআরসির আইনজীবী রাশিদুল হক কাজীকে উদ্ধৃত করে এ খবর দেওয়া হয়।
রাশিদুল হক কাজী বলেন, ‘আদালতের রায়ের পর এসপিজিআরসি বেশ ক্ষুব্ধ। আমি তাদের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে বলেছি। তারা আমার প্রস্তাব বিবেচনা করছে। আন্তর্জাতিক আদালতে তাদের হয়ে আমি লড়ার আগ্রহের কথা বলেছি।’
গত ৩১ মার্চ পাকিস্তানের সুপ্রিম কোর্ট বাংলাদেশ থেকে তিন লাখ পাকিস্তানিকে ফিরিয়ে নেওয়ার আবেদন খারিজ করে দেন। আবেদনের কোনো আইনি ভিত্তি না থাকা এবং আবেদনকারী সংগঠন নিবন্ধিত না হওয়ায় আবেদন বাতিল করে দেন বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ। ২০০৯ সালে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে আনতে আবেদন করে এসপিজিআরসি। এরপর আদালতের একাধিক বেঞ্চ পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল, পররাষ্ট্র দপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরে তাদের মতামত চেয়ে পাঠান।