মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক একটি আদালতে ২৯ জুন দাবিনামা জমা দিয়েছে বাংলাদেশ। সমুদ্র আইনসংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি—ইটলস) জমা দেওয়ার আজ ১ জুলাই শেষ দিন। বাংলাদেশ নিজের দাবির পক্ষে প্রমাণ ওই আদালতে তুলে ধরেছে বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র গতকাল বুধবার রাতে প্রথম আলোকে জানিয়েছে। বাংলাদেশের এ পদক্ষেপের ফলে ইটলসে দুই প্রতিবেশী দেশের সমুদ্রসীমা-বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইটলসের সভাপতি গত ২৮ জানুয়ারি এক আদেশে দুই দেশের সমঝোতার পর সমুদ্রসীমার দাবিনামা উপস্থাপনের সময়সূচি নির্ধারণ করেন। ওই সময়সূচি অনুসারে বাংলাদেশের দাবিনামা তুলে ধরার কথা ছিল ১ জুলাইয়ের মধ্যে। আর মিয়ানমার বাংলাদেশের দাবির বিপক্ষে তার দাবির প্রমাণ এ বছর ১ ডিসেম্বরের মধ্যে জমা দেবে। আবার মিয়ানমারের এ দাবির পাল্টা জবাব বাংলাদেশ ২০১১ সালের ১৫ মার্চের মধ্যে জমা দেবে। এর পাল্টা জবাব মিয়ানমার ওই বছরের ১ জুলাইয়ের মধ্যে দেবে। দুই প্রতিবেশী দেশের সমুদ্রসীমা-বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত মামলাটি ইটলসের ১৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।