আন্তর্জাতিক আদালতে সু চির বিচার দাবি হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের ঘটনায় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে মামলা ও তাঁর বিচারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গতকাল শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশ থেকে এই দাবি জানান। মিয়ানমারে হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর কমিটি এই সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

জুনায়েদ বাবুনগরী বলেন, জাতিসংঘ ও ওআইসির কাছে দাবি, মানবতাবিরোধী অপরাধের জন্য সু চির বিচার হোক। রাখাইন রাজ্যে গণহত্যা বন্ধে কূটনৈতিকভাবে মিয়ানমার সরকারের কাছে চাপ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তা না হলে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।