আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর ৭০টি দেশের ৩৭ কোটি আদিবাসীর মতো বাংলাদেশের আদিবাসী জনগণ আজ ৯ আগস্ট পালন করবে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবারের আদিবাসী দিবসের প্রতিপাদ্য ‘আদিবাসী অধিকার উজ্জীবিতকরণে আদিবাসী গণমাধ্যম’। জাতিসংঘ ১৯৯৩ সালকে আন্তর্জাতিক আদিবাসী বর্ষ ঘোষণা করেছিল। সাধারণ পরিষদ ১৯৯৪ সালে সদস্য রাষ্ট্রগুলোকে ৯ আগস্টকে আদিবাসী দিবস পালনের আহ্বান জানায়। এরপর ১৯৯৫ থেকে ২০০৪-০৫ থেকে ২০১৪ দুটো দশককেই আদিবাসী দশক হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। বাংলাদেশে এবার দিবসটি পালন করতে গিয়ে সরকারি প্রতিবন্ধকতার মুখে পড়েছে আদিবাসীরা। আদিবাসী দিবসের কোনো অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়া থেকে বিরত থাকা এবং কোনো সহযোগিতা না করার নির্দেশনার পর আদিবাসীদের ভেতরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শুধু আদিবাসীরা নয়, মহাজোট সরকারের একাধিক মন্ত্রী ও সাংসদ প্রকাশ্যে সরকারের এই অবস্থানের বিরোধিতা করেন। দেশের আদিবাসী অধ্যুষিত এলাকায় দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকাল ১০টায় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাধা নেই: আদিবাসী দিবস পালনে সরকারি কোনো বাধা আছে বলে জানেন না স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তিনি মুঠোফোনে জানান, তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দিবসটি পালনে কোনো বিধিনিষেধ নেই।