গাজীপুরে শ্রমমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক ইন্ধনে পোশাক কারখানায় হামলা হচ্ছে
দেশের অর্থনীতির ভিতকে পঙ্গু করে দিতে আন্তর্জাতিক ইন্ধনে পরিকল্পিতভাবে তৈরি পোশাক কারখানাগুলোতে একের পর এক হামলা ও ভাঙচুর হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। গতকাল বুধবার গাজীপুরের কোনাবাড়ী শিল্পাঞ্চলের জরুনে ইসলাম গ্রুপের তৈরি পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা পরিদর্শন করতে এসে তাঁরা এ মন্তব্য করেন। ২৮ ফেব্রুয়ারি সকালে কয়েক শ শ্রমিক বিনা উসকানিতে ইসলাম গ্রুপের কয়েকটি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর করে।শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক নামধারীদের দুষ্টচক্রকে চিহ্নিত করে ইসলাম গার্মেন্টস কর্তৃপক্ষ যে শাস্তিমূলক ব্যবস্থা নেবে, সরকার তাতে পূর্ণ সহযোগিতা দেবে। তবে কোনো নিরীহ শ্রমিক যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখতে হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে, অর্থনীতির বুনিয়াদকে দুর্বল করতে আন্তর্জাতিক চক্রান্তে এ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের রায় কার্যকরের পর রায় প্রদানকারী বিচারকের ছোট ভাইয়ের কারখানায় এ ভাঙচুরের ঘটনা এক গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব দুষ্কৃতকারীকে খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।তারা ভাঙচুরের শিকার ইসলাম গার্মেন্টসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হক, বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, ইসলাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, বিজিএমইএ ও ইসলাম গ্রুপের পরিচালক আতিকুল ইসলাম। শ্রম ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল হক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি তুচ্ছ দাবিতে উচ্ছৃঙ্খল শ্রমিকেরা ইসলাম গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা ফ্যাক্টরির বেশ কিছু নিটিং ও ডায়িং মেশিনের প্যানেল বোর্ড, আসবাবপত্র, ভবনের কাচ, কম্পিউটারসহ মূল্যবান যন্ত্রাংশ ভাঙচুর করে ২০ কোটি টাকার ক্ষতি সাধন করে।