আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো ৮ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামী ৮ নভেম্বর থেকে মাসব্যাপী সপ্তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৩ শুরু হচ্ছে। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নগরের পলোগ্রাউন্ড মাঠে এ মেলার আয়োজন করছে।
মেলা উপলক্ষে গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপারসন সৈয়দা জিনাত আরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহিলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসহ এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসার, আয় বৃদ্ধি ও ভোক্তা-উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় ২৫০টি স্টল, ২০টি প্যাভেলিয়ন, আইটি জোন, হাউজিং জোন ও ফার্নিচার জোন থাকবে। লিখিত বক্তব্যে বলা হয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুন মালেক, উপদেষ্টা খালেদা এ আউয়াল, জ্যেষ্ঠ সহসভাপতি বিলকিস ইকবাল, সহসভাপতি আইভি হাসান, এক্সপো-২০১৩-এর ডিরেক্টর ইনচার্জ রেখা আলম চৌধুরী প্রমুখ।