আন্তর্জাতিক কল ব্যবসা একচেটিয়া হলো
আন্তর্জাতিক কল পরিচালনার নিয়ন্ত্রণ এখন সাতটি আইজিডব্লিউর হাতে। সংশ্লিষ্ট নানা পক্ষের বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে বছরে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি এ ‘সিন্ডিকেটের’ মাধ্যমে লেনদেন হওয়ার সুযোগ তৈরি হলো।
নতুন পদ্ধতিতে সাতটি আইজিডব্লিউ অন্য প্রতিষ্ঠানগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ আয় করবে, যদিও প্রতিষ্ঠানগুলো একই লাইসেন্সের অধীনে পরিচালিত। আইজিডব্লিউ ব্যবসায়ীরা বলছেন, ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন সার্ভিস পলিসি (আইএলডিটিএস) না মেনেই নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আইএলডিটিসিতে তিন স্তরে (আইজিডব্লিউ, আইসিএক্স ও এএনএস) কল আদান-প্রদানের কথা বলা হলেও ওই নীতিমালা সংশোধন না করেই নতুন একটি স্তর যুক্ত করে নির্দেশনা জারি করা হয়েছে। এর মাধ্যমে মুক্ত প্রতিযোগিতার শর্তও ভঙ্গ হয়েছে।
দেশে মোট ২৯টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর থাকলেও প্রভাবশালীদের তত্ত্বাবধানে গঠিত সংগঠন আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) মধ্য থেকে সাতটিকে আন্তর্জাতিক কল পরিচালনার কর্তৃত্ব দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানগুলো হলো ইউনিক ইনফোওয়ে, ডিজিকন টেলিকমিউনিকেশনস, রুটস কমিউনিকেশনস, গ্লোবাল ভয়েস, মীর টেলিকম, বাংলা ট্র্যাক ও নভো টেলিকম।
সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুসারে, ইউনিক ইনফোওয়ের মালিকানায় রয়েছেন বিএনপির এক নেতার স্ত্রী। ডিজিকন টেলিকমিউনিকেশনসকে লাইসেন্স দিতে সুপারিশ করেছিলেন সরকারি দলের একজন তরুণ সাংসদ। রাজস্ব না দেওয়ায় ২০১৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠানটিকে ব্লক করেছিল বিটিআরসি। রুটস কমিউনিকেশনসের অন্যতম মালিক গুলশান আরা। তাঁর স্বামী আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য। গ্লোবাল ভয়েসের মালিকানায় রয়েছেন এ কে এম শামসুদ্দোহা। তিনি আইজিডব্লিউ ফোরামের সভাপতি। এ প্রতিষ্ঠানে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ দেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীর স্বার্থ রয়েছে বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক কল পরিচালনায় পরীক্ষামূলকভাবে নতুন এই ‘নেটওয়ার্ক টপোলজি’ অনুসরণ করতে হবে। আইজিডব্লিউ, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও একসেস নেটওয়ার্ক সার্ভিস (এএনএস) অর্থাৎ মোবাইল অপারেটরদের ৩০ দিনের মধ্যে নতুন নেটওয়ার্ক টপোলজি অনুযায়ী কল আদান-প্রদানের ব্যবস্থা নিতে হবে।
বিটিআরসি তাদের নির্দেশনায় জানিয়েছে, নতুন পদ্ধতি বাণিজ্যিকভাবে চালুর আগে আইওএফ বিটিআরসিকে জানানোর পর সংস্থাটি সরেজমিন পরিদর্শন করে বাণিজ্যিকভাবে চালুর অনুমোদন দেবে। পরীক্ষামূলকভাবে পদ্ধতিটি চালুর জন্য আন্তসংযোগের কারিগরি দিকটি নিয়েও নির্দেশনা দিয়েছে বিটিআরসি। এ ব্যবস্থায় সাবমেরিন কেব্ল বা আইটিসি সরাসরি যুক্ত থাকবে আইওএফের কমন ইন্টারন্যাশনাল পয়েন্টের (সিআইপি) সঙ্গে। আইজিডব্লিউগুলো কল আনা-নেওয়া করবে সিআইপির মাধ্যমে। কোনো আইজিডব্লিউ আগের মতো সরাসরি আইটিসির সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তারা সরাসরি কোনো অপারেটরের সঙ্গেও কল আদান-প্রদান করতে পারবে না। এ কাজটি করতে হবে ওই সাত আইজিডব্লিউ অপারেটর সুইচের (আইওএস) মাধ্যমে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিতর্কিত মন্তব্য করে মন্ত্রিত্ব হারানোর কিছুদিন আগে লতিফ সিদ্দিকীর উদ্যোগে ব্যবসা কুক্ষিগত করার এ ছকটি তৈরি করা হয় বলে সংশ্লিষ্ট পক্ষগুলোর অভিযোগ। সে ছকের অংশ হিসেবে ১৮টি প্রতিষ্ঠানকে নিয়ে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) নামে সংগঠন তৈরি করা হয়। সংগঠনটির পক্ষ থেকে আইজিডব্লিউগুলোকে দুটি স্তরে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়।
আর এই উদ্যোগে বিটিআরসিরও সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ আসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। বরাবরের মতো বিটিআরসি এই অভিযোগ অস্বীকার করলেও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবের একটি সারসংক্ষেপে বিটিআরসির ‘সম্পৃক্ততার’ কথা উল্লেখ রয়েছে। লতিফ সিদ্দিকী যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মডেলটি অনুমোদনের জন্য তাড়াহুড়া করে ২৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে পাঠায় টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
লাইসেন্সের নীতিমালা অনুযায়ী, আইজিডব্লিউগুলো একই লাইসেন্সের আওতায় থাকার কথা থাকলেও আইওএফের পরিকল্পনায় টিয়ার-১ ও টিয়ার-২ নামে দুটি অসম স্তরে ভাগ করা হয়। টিয়ার-১ এ ১৬টি এবং টিয়ার-২-এ ৭টি অপারেটর রাখার প্রস্তাব দেওয়া হয়। ২৯টি অপারেটরের মধ্যে ২৩টি অপারেটরকে এ প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।
প্রস্তাব অনুসারে এ খাতের সব লেনদেন টিয়ার-২ দ্বারা নিয়ন্ত্রিত হবে। টিয়ার-১-এর অপারেটরগুলো বিদেশ থেকে কল আনবে কিন্তু তারা গ্রাহক পর্যন্ত কল নিয়ে যেতে পারবে না। টিয়ার-২-এর মাধ্যমেই কল নিয়ে যেতে হবে। আন্তর্জাতিক কল আদান-প্রদানের সব অর্থ হস্তান্তর করতে হবে সাতটি অপারেটরের মাধ্যমেই। পরে তারাই বিটিআরসি, আইসিএক্স, এএনএসের মতো সংস্থাগুলোর কাছে হস্তান্তর করবে।
সেপ্টেম্বরের ওই চিঠিতেই বিটিআরসি টিয়ার-২-এর জন্য সাতটি আইজিডব্লিউ কোম্পানির নাম মনোনয়ন দিয়ে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বিটিআরসি বলেছে, সর্বাধিক কল টার্মিনেশন, সর্বাধিক রাজস্ব আনা, বকেয়ার পরিমাণসহ কয়েকটি বিষয় বিবেচনা করে ওই সাত প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবই সবচেয়ে গুরুত্ব পেয়েছে। সাতটির মধ্যে চারটিরই বিরুদ্ধে বিতর্কিত ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিটিআরসির সূত্রমতে, গত বছরের জুন মাস পর্যন্ত এসব আইজিডব্লিউর কাছে বিআরটিসির পাওনা ছিল প্রায় ২০০ কোটি টাকা।
বিটিআরসির লাইসেন্সিং নীতিমালা অনুসারে প্রতিটি আইজিডব্লিউ তাদের রাজস্বের ৪০ শতাংশ বিটিআরসি, ১৭ দশমিক ৫ শতাংশ আইসিএক্স এবং ২২ দশমিক ৫ শতাংশ এএনএসের কাছে পরিশোধে দায়বদ্ধ। কিন্তু নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট আইজিডব্লিউর কাছে রাজস্ব সরাসরি না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে নিতে সম্মতি দেওয়া হয়। এতে করে প্রতি মাসে বৈদেশিক কল আদান-প্রদানের মাধ্যমে আয় করা প্রায় ৩০০ কোটি টাকারও বেশি ওই বিতর্কিত সিন্ডিকেটের মাধ্যমে নেওয়ায় সম্মতি দেওয়া হয়।
প্রস্তাবিত মডেলে টিয়ার-১ ও টিয়ার-২-এর রাজস্ব বণ্টনের হার ধরা হয় ১ অনুপাত ১ দশমিক ৯০। অর্থাৎ কল আনার জন্য টিয়ার-১-এর প্রতিষ্ঠানগুলো যদি এক টাকা পায়, তাহলে শুধু মাঝখানে থেকে কল আইসিএক্সে পাঠানোর জন্য টিয়ার-২ পাবে ১ টাকা ৯০ পয়সা। একই লাইসেন্সের অধীনে থেকে কোনো বড় কাজ না করলেও টিয়ার-২ দ্বিগুণ আয় করবে। এর পাশাপাশি বাজার উন্নয়ন ব্যয় নামে বড় অঙ্কের টাকা সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয় প্রস্তাবে।
এর আগে আইজিডব্লিউ খাতের উদ্যোক্তাদের নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে একটি আবেদন পাঠানো হয়েছিল। আবেদনে বলা হয়, উদ্যোগটি বাস্তবায়িত হলে ‘বিতর্কিত’ একটি গোষ্ঠী লাভবান হবে। এর মাধ্যমে সরকারি কর পরিশোধ না করে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় টেলিযোগাযোগসচিবের কাছে ব্যাখ্যা চায়। এরপরে, ১৫ ডিসেম্বর আবারও প্রস্তাবটি উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৬ ডিসেম্বর তা অনুমোদন করা হয়।
বিষয়টি নিয়ে বিটিআরসির চেয়ারম্যানসহ একাধিক শীর্ষ কর্মকর্তার কাছে জানতে চাইলে কেউই উদ্ধৃত হতে চাননি। তবে শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিটিআরসির যেভাবে সম্পৃক্ততা রয়েছে, আইজিডব্লিউগুলোর ক্ষেত্রেও একই ধরনের সম্পৃক্ততা রয়েছে। এটাকে নেতিবাচকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।