আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা শুরু
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নিভৃত গ্রাম চাঁদকরিম। সেই গ্রামের আত্মনির্ভরশীল দুই নারী রেহেনা বেগম ও তহমিনা খাতুন। ব্লক-বাটিকের মতো হস্তশিল্প ও কারুশিল্পে অনেক আগেই তাঁরা হাত পাকিয়েছেন। চাঁদকরিম সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির একটি নারী দলের নেতৃত্ব দিচ্ছেন তাঁরা।
রেহেনা ও তহমিনার মতো গ্রামীণ উদ্যোক্তা, উদ্ভাবক ও নারীদের তৈরি নানা পণ্য শোভা পাচ্ছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে শুরু হওয়া আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির স্টলে।
বিশ্বের ১৩টি দেশের নামীদামি প্রতিষ্ঠানের নামকরা পণ্য ও প্রযুক্তি এবং দেশীয় উদ্যোক্তাদের নানা প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি যন্ত্রাংশ শোভা পাচ্ছে এই মেলায়। তৃতীয়বারের মতো যৌথভাবে এ মেলার আয়োজন করেছে পল্লী উন্নয়ন একাডেমি ও লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিউশন লিমিটেড।
বেলা তিনটায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ন খালিদ।