আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। সেখানে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মেলার স্টল। ছবিটি গতকাল বেলা তিনটার দিকে তোলা l আনিস মাহমুদ
সিলেট শহরতলির লাক্কাতুরা এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। সেখানে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে মেলার স্টল। ছবিটি গতকাল বেলা তিনটার দিকে তোলা l আনিস মাহমুদ

আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের একাংশে অস্থায়ী স্থাপনা করে মাসব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে বিভাগীয় ক্রীড়া সংস্থা। আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর সংরক্ষিত এলাকায় মেলার আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়ামোদীরা। তাঁরা বলছেন, আন্তর্জাতিক একটি ক্রিকেট ভেন্যুতে জনসমাগমপূর্ণ মেলা করলে স্টেডিয়ামসহ সংরক্ষিত এলাকা ক্ষতিগ্রস্ত হবে। এতে পুরো ক্রিকেট ভেন্যুর ভবিষ্যৎ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।
অন্যদিকে বিভাগীয় ক্রীড়া সংস্থা বলছে, সংরক্ষিত এলাকা মাঠ, গ্যালারিসহ অন্যান্য জায়গা যথারীতি সংরক্ষিত রেখে বহিরাঙ্গন হিসেবে পরিচিত প্রধান ফটকের এক পাশকে মেলার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এটা করা হচ্ছে বিভাগীয় ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহের জন্য।
গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ক্রিকেট ভেন্যুর প্রবেশমুখের সংরক্ষিত এলাকা চিহ্নিত যে প্রধান ফটক, এর পুরোটা মেলার জন্য বিভিন্ন স্থাপনা তৈরি করা হচ্ছে। এ জায়গা খেলা চলাকালে যানবাহনের পার্কিং হিসেবে ব্যবহৃত হয়। মাসব্যাপী মেলার আংশিক উদ্বোধন করা হবে ১৪ এপ্রিল। পূর্ণাঙ্গভাবে ২০ এপ্রিল থেকে শুরু হবে মেলা। চলবে আগামী রোজার ঈদের আগ পর্যন্ত।
বাংলাদেশ বেনারসি মুসলিম অ্যান্ড জামদানি সোসাইটি ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা মেলার যৌথ উদ্যোক্তা। সোসাইটির পরিচালক মঈন খান জানান, ক্রিকেট স্টেডিয়ামের মাঠ যেহেতু বিভাগীয় ক্রীড়া সংস্থার, তাই তাদের সঙ্গে নিয়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এতে কী কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, অনেকটা বাণিজ্য মেলার আদলে সাজানো হবে পুরো এলাকা। মাসব্যাপী আয়োজন হওয়ায় বিভিন্ন স্টলও অস্থায়ীভাবে স্থাপন করা হচ্ছে।
সিলেট বিভাগীয় কমিশনার পদাধিকার বলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি। সাধারণ সম্পাদক হচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী। বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ সম্পাদক বিসিবির পরিচালক হওয়ায় মাঠ ও মাঠের ব্যবস্থাপনা এককভাবে নিয়ন্ত্রণ করেন। মেলার আয়োজনও মাঠ ব্যবস্থাপনায় যুক্ত তাঁর অনুসারীদের একক সিদ্ধান্তে হয়েছে।
এ ব্যাপারে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ব্যবস্থাপক জয়দীপ দাশ বলেন, ক্রিকেট ভেন্যুতে মেলার আয়োজন, কথা ঠিক নয়। মেলা হচ্ছে পার্কিংয়ের স্থানে। এতে কোনোভাবে মাঠ বা ভেন্যু ক্ষতিগ্রস্ত হবে না। মাঠে খেলা থাকলে সেটিও চলবে।
যোগাযোগ করলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বে থাকা সিলেট বিভাগীয় কমিশনার নাজামানারা খানুম প্রথম আলোকে বলেন, ‘তহবিল সংগ্রহ কি না, জানি না। আমাকে মাঠের বহিরাঙ্গনে মেলা আয়োজনের বিষয়টি জানানো হয়েছে। আমি বলেছি বিধিবিধান মোতাবেক আয়োজন করতে। শুনেছি মাঠে নয়, বহিরাঙ্গনে হচ্ছে। এরপরও আমি দেখব।’
সিলেট নগরের লাক্কাতুরা চা-বাগান এলাকায় বিভাগীয় স্টেডিয়ামের অবস্থান। ৬১৫ ফুট দৈর্ঘ্য ও ৪৮৫ ফুট প্রস্থের স্টেডিয়ামটি ২০০৭ সালে নির্মিত হয়। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠ হিসেবে এই স্টেডিয়ামকেও নির্বাচন করে বিসিবি। এরপর থেকে এটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পায়। স্টেডিয়ামে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দল এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ হয়েছে। এ ছাড়া নারী ক্রিকেট টুর্নামেন্ট, জাতীয় লিগের খেলাও হয়েছে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। চা-বাগান আর টিলাবেষ্টিত এ স্টেডিয়ামে রয়েছে গ্রিন গ্যালারি।
মেলা হলে পুরো ক্রিকেট ভেন্যুর ওপরই বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেটের প্রবীণ ক্রীড়া সংগঠক বিজিত চৌধুরী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর কোনো স্টেডিয়াম ক্রীড়া সংস্থার তহবিল সংগ্রহে এভাবে ব্যবহার করা হয়, এই প্রথম শুনলাম। যেখানে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রিত, সেখানে মেলার মতো জনসমাগমপূর্ণ কিছু হলে সামগ্রিকভাবে ঝুঁকি ক্রিকেট ভেন্যুতেই গিয়ে পড়বে।’