আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে মুজাহিদের রায়
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের রায়ের খবরটি গতকাল গুরুত্বসহকারে প্রচার করেছে বিভিন্ন দেশের গণমাধ্যম। পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়, মুজাহিদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন একটি বিশেষ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের অপহরণ এবং হত্যার ঘটনায় জড়িত একটি কুখ্যাত সংগঠনের নেতৃত্বে ছিলেন মুজাহিদ। টাইমস অব ইন্ডিয়া জানায়, আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা ও ষড়যন্ত্রসহ মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এবিসি নিউজের খবরে বলা হয়, মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রায়ের পর বৃহস্পতিবার দেশজুড়ে হরতাল ডেকেছে দলটি। তবে ট্রাইব্যুনালের এর আগের রায়গুলোর পর সহিংসতা ছড়িয়ে পড়লেও গতকাল তেমন কোনো ঘটনা ঘটেনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল দলটি। কাতারভিত্তিক আল-জাজিরার খবরে রায়ের বিষয়টি উল্লেখ করে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের অপহরণ এবং হত্যার ঘটনায় জড়িত একটি কুখ্যাত সংগঠনের নেতৃত্বে ছিলেন মুজাহিদ। নিজেদের প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি মন্তব্য করেছে, বাংলাদেশে আর কয়েক মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর এসব মামলার পুনর্বিচার হতে পারে। বিবিসির খবরে মুজাহিদকে মৃত্যুদণ্ডের খবর উল্লেখকরে বলা হয়েছে, ১৯৭১ সালে তিনি ছাত্রনেতা ছিলেন। বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা ও নির্যাতনে তখন পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল আলবদর বাহিনী। মুজাহিদ ছিলেন ওই বাহিনীর প্রধান।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই ট্রাইব্যুনাল ইতিমধ্যে পাঁচটি মামলার রায় দিয়েছেন। তাঁরা সবাই জামায়াতের বর্তমান ও সাবেক নেতা।