পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার বিশেষ আদালতের দেওয়া রায় বিশ্ব গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে পরিবেশন করা হয়েছে। ২০০৯ সালের ওই হত্যাকাণ্ডের দায়ে আদালত ১৫২ জনকে ফাঁসি ও ৪১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
‘বাংলাদেশে বিদ্রোহের ঘটনায় মৃত্যুদণ্ড’ শিরোনামে বিবিসির খবরে বলা হয়, ২০০৯ সালে রক্তাক্ত বিডিআর বিদ্রোহের ঘটনায় অন্তত ১৫০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাওনা ও অন্যান্য ক্ষোভ থেকে৩০ ঘণ্টাব্যাপী ওই বিদ্রোহে ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
ব্রিটেনের প্রভাবশালীগার্ডিয়ান পত্রিকায় ‘বাংলাদেশ: ২০০৯ সালে সীমান্তরক্ষী বাহিনীর বিদ্রোহের দায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড’ শিরোনামে খবর পরিবেশন করা হয়। খবরে বলা হয়, বিদ্রোহের ঘটনায় সরকারের পদক্ষেপ ও সাধারণ ক্ষমার প্রস্তাবে অসন্তুষ্ট হয় সেনাবাহিনী। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি দেন।
বার্তা সংস্থা রয়টার্স ‘২০০৯ সালের বিদ্রোহের জন্য ১৫২ জনের মৃত্যুদণ্ড’ শিরোনামে পরিবেশন করা খবরে জানায়, ‘এ ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন নির্বাচিত সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল।’
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইন খবরের শিরোনাম ছিল, ‘২০০৯ সালের বিদ্রোহের দায়ে বাংলাদেশের আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন’। ভারতের টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে শিরোনাম দেওয়া হয়, ‘২০০৯ সালের বিদ্রোহের জন্য ১৫০ সৈন্যের মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়, ৮২৩ অভিযুক্ত জওয়ানের ৩৫০ জনকে শাস্তি দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক আল-জাজিরায় ‘বিদ্রোহের মামলায় বাংলাদেশে অনেকে অভিযুক্ত’ শিরোনামে পরিবেশিত খবরে বলা হয়, ২০০৯ সালে বিদ্রোহে ৭৪ জন নিহতের ঘটনায় আদালত কয়েক শ ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ে বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, হত্যাকাণ্ড এতটাই জঘন্য ছিল যে মৃতদেহেরও সঠিক মর্যাদা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমসও প্রায় একই ধরনের শিরোনামে পরিবেশিত খবরে বলেছে, বিদ্রোহের পর সেনাবাহিনী ও সরকারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল কঠোর নিরাপত্তার মধ্যে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করা হয়।