আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেল ছিটমহল বিনিময়ের খবর
বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময়ের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে ঠাঁই পেয়েছে।
বিবিসি অনলাইনের শিরোনাম ছিল ‘ভারত-বাংলাদেশের ছিটমহলগুলো বদলা-বদলির জন্য প্রস্তুত’। আর বিবিসি বাংলা অনলাইনের ‘আটষট্টি বছর পরে প্রকৃত স্বাধীনতা পেতে চলেছি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয় পোয়াতুরকুঠি ছিটমহলের বৃদ্ধ মনসুর আলী মিঞার জীবনের গল্প, যিনি ৭৫ বছরের একজীবনেই ভারতীয় থেকে হয়েছেন পাকিস্তানি, তারপর বাংলাদেশি নাগরিক। ওই বৃদ্ধের ভাষ্য, ‘দু-দুবার আমরা স্বাধীনতা দেখলাম, কিন্তু প্রকৃত অর্থে ছিটমহলে যারা থাকি, এখনো স্বাধীনতা পাইনি। এতগুলো বছর পরে আজ আমরা প্রকৃত স্বাধীনতা পেতে চলেছি।’
জার্মানির ডয়েচে ভেলে অনলাইনের বাংলা সংস্করণের প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘নতুন ইতিহাস সৃষ্টির পথে বাংলাদেশ-ভারত’। তাদের ইংরেজি সংস্করণের প্রতিবেদনটিতে বলা হয়, ‘অবশেষে বাংলাদেশ-ভারতের ছিটমহলগুলোর অধিবাসীরা পরিচয় পেলেন।’
ভারতীয় সংবাদ প্রতিষ্ঠান জি নিউজের অনলাইন বাংলা সংস্করণ ২৪ ঘণ্টার শিরোনাম ছিল ‘দেশভাগের স্মৃতি ফিরিয়ে ছিটমহল বিনিময়ে আজ নাগরিকত্ব পাবেন দুই বাংলার ৬৪,০০০ মানুষ’। আর কলকাতার শীর্ষ দৈনিক আনন্দবাজার-এর অনলাইন সংস্করণের শিরোনাম ছিল ‘তৃতীয় স্বাধীনতার জন্য তৈরি ছিটমহল’। এতেও ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার পোয়াতুরকুঠি ছিটমহলের বাসিন্দা মনসুর আলীর উদ্ধৃতি। তিনি বলছিলেন, ‘এই নিয়ে তিনটে স্বাধীনতা পেলাম আমরা! আর কেউ পেয়েছে? ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আমরা পেলাম পাকিস্তান। সেই একটা স্বাধীনতা। তার পরে পাকিস্তানকে তাড়িয়ে পেলাম আরও একটা। হলো বাংলাদেশ। তার পরে কাল আবার স্বাধীন হব আমরা!’
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে। সেগুলো পাকিস্তানের ডন এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজ পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের খবরে বলা হয়, ‘কয়েক দশকের পুরোনো সীমান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হতে যাচ্ছে।’
ভারতের সুপরিচিত দৈনিক টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে ন্যায়বিচারপ্রার্থী এক নারীকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। ফেরদৌসী বিবি নামের ওই নারী ছিটমহল বিনিময়ের পর ভারতীয় নাগরিকত্ব পেতে যাচ্ছেন। তিনি আইনি লড়াই শুরু করতে চান ‘ভারতীয়’ স্বামীর বিরুদ্ধে, যিনি তাঁকে (ফেরদৌসী) ছেড়ে চলে গেছেন। বাংলাদেশি ছিটমহল মশালডাঙ্গার ওই নারী বলেন, কিছু একটা প্রতিবাদ তো করতেই হবে। নইলে এ রকম করে যে যা কিছু করে পার পেয়ে যেতে পারে।
একই পত্রিকার আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ছিটমহল বিনিময়: মধ্যরাতে ইতিহাস গড়তে যাচ্ছে ভারত-বাংলাদেশ’। দ্য হিন্দু পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ভারতের বাংলাদেশি ছিটমহলগুলো উদ্যাপনের জন্য প্রস্তুত’। হিন্দুস্তান টাইমস ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস পত্রিকায়ও ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।