আন্তর্জাতিক গণমাধ্যমে গোলাম আযমের রায়
মুক্তিযুদ্ধের সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ডাদেশ দেওয়ার খবরটি বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে। রায় ঘোষণার পরপরই বেশির ভাগ গণমাধ্যমের ওয়েবসাইটের শীর্ষে স্থান পায় খবরটি।টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বাংলাদেশের একটি বিশেষ আদালত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার নৃশংসতার অন্যতম হোতা গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন। জামায়াতে ইসলামীর তৎকালীন প্রধান এবং বর্তমানের তাত্ত্বিক এই নেতার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছিল, আদালতে তার সবই প্রমাণিত হয়েছে।পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৃশংসতার পরিকল্পনার দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গোলাম আযমের সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে খুশি হননি তাঁর বিরোধীরাও। তাঁরা বলছেন, গোলাম আযমের ফাঁসি হওয়া উচিত ছিল।যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশে স্বাধীনতার সময়কার অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত বলেছেন, তিনি যে অপরাধ করেছিলেন, তাতে তাঁর মৃত্যুদণ্ডই প্রাপ্য। তবে অতিরিক্ত বয়সের কারণে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।কাতারভিত্তিক আলজাজিরা গোলাম আযমের রায়ের খবর দিয়ে জানায়, রায় ঘোষণার পর সহিংসতায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। গোলাম আযমের সমর্থকেরা এই রায়ে ক্ষুব্ধ। তাঁরা বলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আবার তাঁর বিরোধীরাও ক্ষুব্ধ গোলাম আযমের ফাঁসি হয়নি বলে।রায়ের বিষয়টি উল্লেখ করে বিবিসি লিখেছে, বাংলাদেশে এখন গভীর উত্তেজনা বিরাজ করছে। রায়ের আগেই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। গোলাম আযমের মৃত্যুদণ্ডের দাবিতে রাজপথে অবস্থান নিয়েছে সরকারপন্থী বিভিন্ন সংগঠন। আর রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার (আজ) দেশব্যাপী হরতাল ডেকেছে গোলাম আযমের দল জামায়াতে ইসলামী।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার গোলাম আযমের রায় এবং এর আগে অন্যান্য রায় এবং এর পরিপ্রেক্ষিতে সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ইউএসএ টুডে লিখেছে, গোলাম আযমের বিরুদ্ধে ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি এবং হত্যা ও নির্যাতনের পাঁচ ধরনের অপরাধের ৬১টি অভিযোগের সবগুলো প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালও গুরুত্বসহকারে রায়ের সংবাদটি পরিবেশন করে। অন্যদিকে ফক্স নিউজ লিখেছে, ওই আদালতে যে ১০ জনকে অভিযুক্ত করে বিচার চলছে, তাঁরা সবাই বিরোধী রাজনৈতিক দলের নেতা। এর মধ্যে আটজনই জামায়াতে ইসলামীর।গোলাম আযমকে ‘বাংলাদেশের হিটলার’ নামে আখ্যায়িত করেছে দুবাইভিত্তিক পত্রিকা গালফ নিউজ। তাদের রায়সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ড বাংলাদেশের হিটলার গোলাম আযমের’।