আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশক হত্যার খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে জখমের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। গতকাল শনিবার দুটি ঘটনা ঘটে পরপর।
বিবিসির ইংরেজি অনলাইনে ফয়সাল আরেফিনের হত্যাকাণ্ডকে ‘ব্রেকিং নিউজ’ হিসেবে দেওয়া হয়। প্রকাশিত প্রতিবেদনে ফয়সাল আরেফিনের হত্যার ঘটনার পাশাপাশি শুদ্ধস্বরে হামলার ঘটনাটিও তুলে ধরা হয়। দুই প্রকাশকই যে অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক, সে বিষয়টি উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।
ফয়সাল আরেফিনের ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। এ প্রতিবেদনে শুদ্ধস্বর কার্যালয়ে হামলার প্রসঙ্গ এবং দুই প্রকাশকই যে গত ফেব্রুয়ারিতে নিহত অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছেন, তা উল্লেখ করা হয়।
ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত হয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পরিবেশিত প্রতিবেদন। দুটি হামলার বর্ণনা দিয়ে এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থানের শঙ্কার মধ্যেই গতকালের এ হামলা হলো। এ বছর দেশে যে চারজন ব্লগার নিহত হন, এ প্রতিবেদনে সেটিও উল্লেখ করা হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলা এবং ইতালীয় নাগরিক সিজার তাবেলা ও জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের খবরও উল্লেখ করা হয়। প্রতিবেদনে এ তিনটি পৃথক ঘটনায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারের প্রসঙ্গটি উঠে আসে। বলা হয়, বাংলাদেশ সরকার এ দাবিকে প্রত্যাখ্যান করে। তারা বরং দেশীয় ইসলামপন্থী গোষ্ঠী এবং বিরোধী দল বিএনপি ও তার বড় সঙ্গী জামায়াতে ইসলামীকেই দায়ী করছে।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সও গতকালের হামলার ঘটনাটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে।
ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা গতকাল দুটি হামলা নিয়ে ‘লেখকের পর এবার প্রকাশক খুন ঢাকায়, আক্রান্ত আরও তিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।