আন্তর্জাতিক গণমাধ্যমে মুজাহিদের ফাঁসির রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকার খবর গতকাল মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
একাত্তরে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর নেতা মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল এ রায় ঘোষণা করেন।
পাকিস্তানের ডন পত্রিকার অনলাইনে মুজাহিদের ফাঁসির রায় নিয়ে করা প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে: ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ডের রায় বহাল’। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ওই প্রতিবেদন করেছে ডন।
পাকিস্তানের দ্য ট্রিবিউন-এর অনলাইনে প্রতিবেদনের শিরোনাম: ‘বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতার মৃত্যুদণ্ডের রায় বহাল’। প্রতিবেদনে জামায়াতকে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামি দল বলে উল্লেখ করা হয়।
ভারতের আনন্দবাজার পত্রিকায় ‘বাংলাদেশে সাবেক মন্ত্রীর ফাঁসি বহাল’ শিরোনামে করা প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক ও বুদ্ধিজীবী হত্যার প্রধান পরিকল্পক হিসেবে মুজাহিদের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখা হয়। শীর্ষ আদালতের নির্দেশে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হলে বাংলাদেশে এই প্রথম কোনো সাবেক মন্ত্রীর ফাঁসি হবে।
ভারতের দ্য হিন্দু শিরোনাম করেছে: ‘বাংলাদেশে শীর্ষ জামায়াত নেতার মৃত্যুদণ্ডের রায় বহাল’। এতে বলা হয়, ১৯৭১ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ পর্যায়ের ওই নেতার মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া বিবিিস, এএফপি, রয়টার্স, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস, খালিজ টাইমস, গালফ নিউজসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে মুজাহিদের ফাঁসির রায় বহালের খবর প্রচারিত হয়েছে।