আন্তর্জাতিক গণমাধ্যমে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক গণমাধ্যমে রায়
আন্তর্জাতিক গণমাধ্যমে রায়

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গতকাল মঙ্গলবার গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আপিল বিভাগ গতকাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
গতকাল সকাল থেকে বিবিসি অনলাইনের শীর্ষ সংবাদ হিসেবে স্থান করে নেয় কাদের মোল্লার ফাঁসির রায়ের খবর। ‘যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা কাদের মোল্লার’ শিরোনামে বলা হয়েছে, ‘কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় নাকচ করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট।’ ঢাকার মিরপুরে নৃশংস গণহত্যা পরিচালনার জন্য কাদের মোল্লা যে ‘কসাই’ নামেও অভিহিত হন, সেটাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আল-জাজিরার শিরোনাম ছিল, ‘বাংলাদেশের ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’। গত ফেব্রুয়ারিতে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ ও তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ সৃষ্টির বিষয়টিও উল্লেখ করা হয় আল-জাজিরার প্রতিবেদনে। মূল সংবাদটির সঙ্গেই একটি তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস, সে সময় জামায়াতে ইসলামীর নেতাদের কর্মকাণ্ড, বর্তমান বিচারকার্য ও পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে।
ব্রিটিশ পত্রিকা ইনডিপেনডেন্ট-এর শিরোনাম ছিল, ‘বাংলাদেশের ইসলামপন্থী নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড’। পত্রিকাটি রায়ের সমালোচকদের বক্তব্যকেও গুরুত্ব দিয়েছে। বলা হয়েছে, এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তীব্র রাজনৈতিক চাপের মুখে।
‘বাংলাদেশ টপ কোর্ট অর্ডারস সিনিয়র ইসলামিস্ট টু হ্যাং’ শিরোনামে ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে মহান মুক্তিযুদ্ধ চলাকালে হত্যাকাণ্ড সংঘটিত করার দায়ে ইসলামপন্থী নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত।
‘যুদ্ধাপরাধের দায়ে ইসলামি দলের নেতার মৃত্যুদণ্ড’ শিরোনামে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বিচারকের প্যানেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কারণে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। ১৯৭১- এর মার্চে ঢাকায় ‘পাকিস্তানি সেনাদের অভিযানকালে’ পাঁচ সদস্যের একটি পরিবারকে হত্যার নির্দেশ দেওয়ার ঘটনায় প্যানেল তাঁকে দোষী সাব্যস্ত করেন।
পাকিস্তানের প্রভাবশালী এই ইংরেজি দৈনিক ডন ‘জামায়াতের জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ফাঁসির আদেশ’ শিরোনামে বলেছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট একজন জ্যেষ্ঠ ইসলামপন্থী নেতাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। দেশটির ‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের’ ঘোষিত সাজাকে আরও বাড়িয়ে সুপ্রিম কোর্ট এ রায় দেন। রায় ঘোষণার পরই বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।
উপসাগরীয় এলাকার শীর্ষ দৈনিকখালিজ টাইমস ‘বাংলাদেশ: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড’ শিরোনামে বলেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল -এর শিরোনাম ছিল, ‘বাংলাদেশের আদালতে ইসলামি রাজনীতিবিদের মৃত্যুদণ্ড’। এতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট দেশটির জ্যেষ্ঠ ইসলামি রাজনীতিবিদ কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘... ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলে এই রায় দেওয়া হয়েছে।’ রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবিরের হরতাল ও সহিংসতার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। প্রায় একই রকমের সংবাদ এসেছে বার্তা সংস্থা এপি ও এএফপিতেও। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ের ফলে দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং গণজাগরণ মঞ্চের সন্তুষ্টি প্রকাশের কথাও উল্লেখ করা হয়েছে।