আন্তর্জাতিক গণমাধ্যমে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। সমালোচকদের কথার বরাত দিয়ে এসব গণমাধ্যমের বেশ কয়েকটি বলেছে, দেশের বিরোধী দলগুলোকে দুর্বল করতেই সরকার ট্রাইব্যুনালকে ব্যবহার করছে।
সংযুক্ত আরব আমিরাতের গালফনিউজ শিরোনাম করেছে, ‘১৯৭১-এর যুদ্ধে ভূমিকার জন্য বাংলাদেশে ইসলামপন্থীর মৃত্যুদণ্ড।’ এতে বলা হয়, বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল দেশটির বৃহত্তম ইসলামি দলের একজন জ্যেষ্ঠ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ৭১-এ স্বাধীনতাযুদ্ধকালে গণহত্যার দায়ে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় এক ব্যক্তিকে সর্বোচ্চ সাজা দেওয়া হলো। ৬২ বছর বয়সী কাসেম আলীকে জামায়াতের অন্যতম শীর্ষ অর্থ জোগানদাতা হিসেবে ধরা হয়।
‘বাংলাদেশে জামায়াত নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ড’ শিরোনামে খবর প্রচার করে কাতারভিত্তিক টেলিভিশন আল-জাজিরা। চ্যানেলটি বলেছে, প্রায় ছয় মাস বিচারপ্রক্রিয়া চালানোর পর বাংলাদেশের প্রধান ধর্মভিত্তিক দলের গুরুত্বপূর্ণ নেতা মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সমালোচকদের কথায়, বিএনপি ও জামায়াতকে নিশানা বানাতেই সরকার বিচারপ্রক্রিয়াকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে।
পাকিস্তানের প্রভাবশালী ডন পত্রিকার শিরোনাম, ‘বাংলাদেশে জামায়াতে ইসলামীর আরেক শীর্ষ নেতার মৃত্যুদণ্ড।’ মৃত্যুদণ্ড ছাড়াও ৭২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। সমালোচকদের বরাতে এই পত্রিকাও বলেছে, বিরোধী দলগুলোকে দুর্বল করতে ট্রাইব্যুনালকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী।
ভারতের আনন্দবাজার পত্রিকা ‘জামায়াত নেতা কাসেমকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল’ শিরোনামে খবরে বলেছে, মীর কাসেমের বিরুদ্ধে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বাংলাদেশের বড় মাপের ব্যবসায়ী। বিভিন্ন রকম ব্যবসার পাশাপাশি একটি সংবাদমাধ্যমও চালাতেন তিনি।
খালিজ টাইমস শিরোনাম করেছে, যুদ্ধাপরাধের দায়ে ইসলামপন্থী ধনকুবেরের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত।
‘বাংলাদেশে ইসলামপন্থী নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড’—শিরোনামে করা খবরে বিবিসি বলেছে, এই মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে দেশব্যাপী বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াত। মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠন করেন শেখ হাসিনা। কিন্তু সমালোচকেরা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে সরকার এই ট্রাইব্যুনাল ব্যবহার করছে। আগেই হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মানের নয়।