আন্তর্জাতিক গণমাধ্যমে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বুধবার ঘোষিত এ রায়ের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পায়।
‘বাংলাদেশের ইসলামপন্থী নেতা দেলাওয়ার সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা হ্রাস’ ছিল বিবিসির শিরোনাম। এ শিরোনামের খবরে বলা হয়, সুপ্রিম কোর্ট সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন।
‘জামায়াত নেতার দণ্ড কমাল বাংলাদেশ’ শিরোনামে করা খবরে আল-জাজিরা বলেছে, সর্বোচ্চ আদালত সাঈদীর বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড ঘোষণার পর তাঁর সমর্থক ও বিরোধী ধর্মনিরপেক্ষতাবাদ—দুই পক্ষই বিক্ষোভ দেখিয়েছে। ২০১২ সালের নভেম্বরে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাইব্যুনালের ফটক থেকে সুখরঞ্জন বালীকে দৃশ্যত অপহরণ করার পরই এই বিচার বিতর্কিত হয়ে পড়ে।
ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার খবরের শিরোনাম, ‘শীর্ষ ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড হ্রাস করল বাংলাদেশের আদালত’। খবরে বলা হয়, গত বছর সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়েছিল।
এনডিটিভির খবরের শিরোনাম, ‘ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড হ্রাস সুপ্রিম কোর্টের’। টেলিভিশন চ্যানেলটি বলেছে, ইসলামপন্থীদের অভিযোগ, জামায়াতের নেতাদের শায়েস্তা করতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর এ চেষ্টা।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ‘বাংলাদেশের ইসলামপন্থী নেতাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি’ শিরোনামের খবরে বলেছে, মুক্তিযুদ্ধকালে গণহত্যা, ধর্ষণ ও নৃশংসতার দায়ে সাঈদীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন ট্রাইব্যুনাল। তবে সুপ্রিম কোর্ট এ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।