একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রেখেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার এ রায় বহাল রাখার খবর বিশ্বের গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে।
যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসি কাদের মোল্লাকে ইসলামপন্থী নেতা হিসেবে উল্লেখ করে বলেছে, বিচারক রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন, এতে কাদের মোল্লার ফাঁসির পথ প্রসারিত হয়েছে। তবে রায়ের আন্তর্জাতিক মান নিয়ে মানবাধিকার সংস্থাগুলো সংশয় প্রকাশ করেছে।
কাতারভিত্তিক আল-জাজিরা বলেছে, নির্বাচনের এক মাসের কম সময় বাকি থাকায় এ রায় বাংলাদেশের রাজনৈতিক সংকটকে আরও উসকে দিল।
পাকিস্তানের দ্য ডন বলেছে, শেষ মুহূর্তের নাটকীয় পুনর্বিবেচনার আবেদনের পর বাংলাদেশের শীর্ষ ইসলামপন্থী নেতার ফাঁসির আদেশ বহাল রাখল বাংলাদেশের সর্বোচ্চ আদালত।
এ ছাড়া সিএনএন, এবিসি, বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, এপি, পিটিআই, দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দুসহ বিশ্বের প্রধান প্রধান দৈনিকে স্থান পেয়েছে কাদের মোল্লার ফাঁসির রায় বহালের খবর।