আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি

আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালন করা হয়েছে। প্রশাসন এবং নানা রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচি থেকে দিবসটিকে জাতিসংঘের কাছে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।
সুনামগঞ্জে মৌন মিছিল ও সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেন। দুপুর ১২টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেন তাঁরা। সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুহুল তুহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সাধন ভদ্র, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেনরায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমদ প্রমুখ।
মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের বেরিরপাড় এলাকার সাত শহীদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সাংসদ সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, আওয়ামী লীগ, সিভিল সার্জন, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশ্সাক মো. তোফায়েল ইসলাম। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দা সায়রা মহসিন।
সকালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী। এ ছাড়া অধ্যাপক এম রবিউল হোসেন, সহকারী অধ্যাপক সাইফুল হাসান, সহকারী প্রক্টর মোহাম্মদ আব্বাছ উদ্দিন, ছাত্রী রহিমা তালুকদার বক্তব্য দেন। বেলা একটায় নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের মদনমোহন কলেজ শাখা। এই কর্মসূচিতে যুবলীগের নেতা শাহ বীর আহমদ, ছাত্রলীগের সাবেক নেতা এম রশিদ আহমদ, যুবলীগের নেতা মুসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মহাজোটের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। সকালে আখাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়নগর উপজেলায় সকালে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সুনামগঞ্জ অফিস এবং মৌলভীবাজার, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি)