আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে নৃশংস হত্যাযজ্ঞ চালায়। জাতির কাছে ‘কালরাত’ হিসেবে পরিচিত সেই দিনটি প্রথমবারের মতো ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানানো হয়।

প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

জামালপুরে সেক্টরস কমান্ডারস ফোরাম ও মুক্তিযুদ্ধ ’৭১-এর জেলা শাখা সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা করে। এর আগে সেক্টরস কমান্ডারস ফোরামের উদ্যোগে দিবসটির প্রথম প্রহরে ২৫ মার্চের কালরাতে গণহত্যার শিকার শহীদদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫ মার্চের ওপর বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সরিষাবাড়ীতে দুপুরে চাপারকোনা মহেশচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে পৌর মেয়রের উদ্যোগে আলোচনা সভা হয়। সভা শেষে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবির প্রতি প্রায় দুই হাজার মানুষ হাত তুলে সমর্থন জানান।

নেত্রকোনায় সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের করা হয়। পরে দলটির কার্যালয়ে আলোচনা হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান সভাপতিত্ব করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুর্গাপুরেও উপজেলা প্রশাসনের আয়োজনে সভা হয়।

দুপুরে শেরপুর সদরের সূর্যদী হাইস্কুল মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সভা হয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মহান স্বাধীনতাযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এ ছাড়া জেলা শিশু একাডেমি কার্যালয়ে শিশু-কিশোরদের নানা প্রতিযোগিতা হয়।

নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধ’বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। পৌর শহরে শহীদ মিনার মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান।

কিশোরগঞ্জে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করে মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। পরে দলটির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইলে বিকেলে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পানির ট্যাংকের পাশে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হয়।

সখীপুরে বিকেল চারটায় উপজেলা মিলনায়তনে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, শোভাযাত্রা ও রাতে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় সখীপুর সূর্যতরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মোমবাতি দিয়ে গণহত্যা দিবস লিখে তা প্রজ্বালন করা হয়।

মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা সাতটায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর জঙ্গিবিরোধী গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়। সকালে ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ হয়।

বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারীদের উদ্যোগে সভা হয়। এতে দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি প্রস্তাব আকারে জাতিসংঘে উত্থাপনের যে সিদ্ধান্ত সরকারিভাবে গ্রহণ করা হয়েছে, তার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়।