আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু

বিশ্বজনীন সমস্যার সমাধান করে সুন্দর পৃথিবী গড়তে নিজেদের মেধা ও জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে শুরু হয়েছে গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। হংকংয়ের রানি এলিজাবেথ ইনডোর স্টেডিয়ামে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গণিতের এই ৫৭তম আসর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হংকংয়ের শিক্ষাসচিব এডি নেগ, আয়োজক হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টনি এফ চ্যান, আয়োজক কমিটির চেয়ারম্যান গণিতবিদ অধ্যাপক কার পিং সুম এবং আইএমওর উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক জেফ স্মিথ। বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্বের ১১০টি দেশের ছয় শতাধিক খুদে গণিতবিদ নিজ নিজ কাজের ক্ষেত্রে সফল হয়ে সভ্যতার উন্নয়নে শামিল হবে।
অনুষ্ঠানের মূল পর্বে ছিল অংশগ্রহণকারীদের কুচকাওয়াজ। অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ছয় প্রতিযোগীও এতে অংশ নেয়। অনুষ্ঠানে হংকং অর্কেস্ট্রা, চিলড্রেন কয়্যার ও প্যারেন্টস কয়্যার ৫৭তম আইএমওর থিম সং পরিবেশন করে। জেফ স্মিথ প্রতিযোগীদের শপথবাক্য পাঠ করানোর পর শেষ হয় উদ্বোধন পর্ব।
আজ সোমবার প্রথম দিনের পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়। হংকং বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে সব প্রতিযোগীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সাড়ে চার ঘণ্টার পরীক্ষায় প্রতিযোগীদের তিনটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৭তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।