আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাচ্ছে ছয় গণিতবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ছয়জন খুদে গণিতবিদ ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দিতে যাচ্ছে। ১৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৭।
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া ছয় গণিতবিদকে পরিচয় করিয়ে দেন। তারা হলো সিলেটের এমসি কলেজের আসিফ-ই-ইলাহী, ঢাকার নটর ডেম কলেজের মো. সাব্বির রহমান ও তামজিদ মোর্শেদ রুবাব, চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আহমেদ জাওয়াদ চৌধুরী, বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এ এম নাঈমুল ইসলাম এবং ঢাকা কলেজের রাহুল সাহা। ১৪ জুলাই রাতে এই ছয় প্রতিযোগী ব্রাজিলের উদ্দেশে রওনা দেবে।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশের গণিতবিদেরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দিয়ে অন্যান্য পদক আনলেও এখন পর্যন্ত স্বর্ণপদক আনতে পারেনি। একটু নম্বরের হেরফেরে হাত ফসকে গেছে। এবার আশা করা হচ্ছে তারা স্বর্ণপদক নিয়ে দেশে ফিরবে। তিনি বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে, যা এত কম সময়ে আর কোনো দেশ পারেনি।

সংবাদ সম্মেলনে অতিথিদের সাথে গণিতবিদেরা। ছবি: প্রথম অালো
সংবাদ সম্মেলনে অতিথিদের সাথে গণিতবিদেরা। ছবি: প্রথম অালো

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় শুরু হওয়া ‘নিউরনে অনুরণন’ এখন গণিত অলিম্পিয়াড হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে ২০০৫ সাল থেকে দেশের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। ত্রয়োদশবারের মতো বাংলাদেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক এ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এ পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীরা চারটি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ পদক এবং ২৩টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এ বছর ব্রাজিলে বাংলাদেশসহ শতাধিক দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও অন্যান্য আনুষঙ্গিক আয়োজনে দায়িত্ব পালন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান বলেন, ‘আমি প্রাণ ভরে দোয়া করি, যাতে তোমরা স্বর্ণপদক নিয়ে দেশে ফিরতে পারো।’
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী ছয় গণিতবিদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক অলিম্পিয়াডে ছয়টি অঙ্ক করতে হবে। এখানে প্রশ্ন ‘কমন’ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো ফর্মুলা দিয়ে তা করা যাবে না। বুদ্ধি দিয়েই তা সমাধান করতে হবে। এ ছাড়া প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, মেধার দিক থেকে এই গণিতবিদেরা ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও ডাচ্‌-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান।
সংবাদ সম্মেলনে গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।