আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দিচ্ছে ছয় খুদে গণিতবিদ

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠেয় ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগ দিচ্ছে বাংলাদেশের ছয় খুদে গণিতবিদ। এবার এই গণিতবিদেরা দেশের জন্য স্বর্ণপদক আনবে বলেই সবার প্রত্যাশা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এই খুদে গণিতযোদ্ধাদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত খুদে গণিতবিদদের গায়ে ছিল সবুজের বুকে লাল সূর্য আঁকা টি-শার্ট। ত্রয়োদশবারের মতো বাংলাদেশের প্রতিনিধিরা আন্তর্জাতিক এ অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের শিক্ষার্থীরা চারটি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জ পদক এবং ২৩টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। এ বছর ব্রাজিলে বাংলাদেশসহ শতাধিক দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও অন্য আনুষঙ্গিক আয়োজনে দায়িত্ব পালন করছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া ছয় গণিতবিদকে পরিচয় করিয়ে দেন। তারা হলো সিলেটের এমসি কলেজের আসিফ-ই-ইলাহী, ঢাকার নটর ডেম কলেজের মো. সাব্বির রহমান ও তামজিদ মোর্শেদ রুবাব, চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আহমেদ জাওয়াদ চৌধুরী, বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয়ের এ এম নাঈমুল ইসলাম এবং ঢাকা কলেজের রাহুল সাহা। দলনেতা ও কোচ ড. মাহবুব মজুমদার গতকাল ব্রাজিলের উদ্দেশে রওনা হয়েছেন এবং উপদলনেতা কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এই ছয় শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে রওনা দেবেন আজ রাতে। ১৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে এবারের গণিত অলিম্পিয়াড।
জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশের গণিতবিদেরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দিয়ে অন্যান্য পদক আনলেও এখন পর্যন্ত স্বর্ণপদক আনতে পারেনি। একটু নম্বরের হেরফেরে হাত ফসকে গেছে। এবার আশা করা হচ্ছে তারা স্বর্ণপদক নিয়ে দেশে ফিরবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, গণিতবিদ লুৎফুজ্জামান, অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক জসিমুজ্জামান, ড. রেজাউর রহমান, এফ আর সরকার প্রমুখ।