আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু
‘উন্নয়নের হাতিয়ার হিসেবে গণিত’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশ গণিত সমিতি এই সম্মেলনের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করা হয়। কাল শনিবার এই সম্মেলন শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘গণিতিক দক্ষতা কেবল গণিতজ্ঞদের জন্য নয়, বরং সমাজ, রাষ্ট্র সবার জন্যই প্রয়োজন।’
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ এফ এম মুজিবুর রহমান ফাউন্ডেশন ও প্রথম আলোর সহযোগিতায় অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডে চূড়ান্ত পর্বে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), মির্জা মুহাম্মদ তানজিম (বুয়েট), তসলিমা আখতার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), কাওসার আলম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), নুমান হাসান (বুয়েট) জুনায়েদ হাসান (বুয়েট), কে এম শিহাব উদ্দিন (বুয়েট), নিঝুম রহমান (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়), হাসানুর রহমান (চট্টগ্রাম সরকারি সিটি কলেজ) এবং ঐশ্বর্য সরকার (ইডেন কলেজ)।
সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ওমর রহমান, এ এফ এম মুজিবুর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাঈদা আর গজনভী, গণিত সমিতির সাধারণ সম্পাদক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ প্রমুখ।