আন্তর্জাতিক চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি পড়েছে: শিল্পমন্ত্রী

বাংলাদেশের সম্পদের ওপর আন্তর্জাতিক চক্রান্তকারীদের লোলুপ দৃষ্টি পড়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ জন্য মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে দুর্ভোগ ও হানাহানি সৃষ্টি উদ্দেশে জঙ্গিবাদের নামে আইএস আবিষ্কারের ষড়যন্ত্র চলছে। জাতীয় স্বার্থে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তিনি দেশপ্রেমের চেতনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শিল্পমন্ত্রী আজ রোববার রাজধানীর বিসিআইসি মিলনায়তনে ‘মহান বিজয় দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস ও জামাল আব্দুল নাসের চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বক্তব্য দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের পাশাপাশি গেরিলা যুদ্ধের রূপরেখা ঘোষণা করেছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বের অসাধারণ গুণাবলির ফলে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যখন দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিকে এগিয়ে নিচ্ছিলেন, তখনই বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর অসৎ উদ্দেশ্যে তাঁকে সপরিবারে হত্যা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ কারি শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। এ ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মসূচিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। গত সাত বছরে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের যে অগ্রগতি হয়েছে, পৃথিবীর কোনো দেশে এত দ্রুত তা হয়নি। তারা দেশে সুশাসন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অর্থনৈতিক অগ্রগতির চলমান ধারা অব্যাহত রেখে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।