
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় আন্তর্জাতিক চক্রের সংশ্লিষ্টতার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন। ঢাকা মহানগর এলাকার সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভারতে গ্রেপ্তার হওয়া কয়েকজন ব্যক্তির গুলশানের ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের মধ্যেই তাদের রিক্রুট করা হয়েছে। এখানেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি সুদূরপ্রসারী আন্তর্জাতিক এবং জাতীয় একটি চক্র থাকতে পারে—সেটির সম্ভাবনা উড়িয়ে দিইনি।...আমরা কোনো কিছুরই সম্ভাবনা নাকচ করে দিচ্ছি না।’
সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া মামলার তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানান। কতটুকু অগ্রগতি হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলা তদন্তাধীন অবস্থায় এমন কোনো তথ্য প্রকাশ করা যায় না, যেটা তদন্তের অগ্রগতি ব্যাহত করে। আমাদের মামলার তদন্ত চলছে। অনেককেই জিজ্ঞাসা করেছি। অনেক সূত্রের তথ্য ইতিমধ্যে হাতে এসেছে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘হলি আর্টিজানের ঘটনাটি পাঁচ-ছয়জন করেনি। তারা রিক্রুট হয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। তাদের কেউ বাসায় আশ্রয় দিয়েছে। কেউ অস্ত্র দিয়েছে। কেউ মদদ দিয়েছে। এ সবগুলোই তদন্তকারী দল ও গোয়েন্দারা খুঁজে বের করছে। সবকিছু আমাদের গোয়েন্দা জালে আছে।’
গুলশানের ঘটনায় জিম্মিদশা থেকে উদ্ধার হাসনাত করিম ও তাহমিদ পুলিশের কাছে আছেন কি না, তা জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটা আমাদের তদন্তকারী দল বলতে পারবে। তাদের জিজ্ঞেস করুন।’
এ ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না, এ বিষয়ে তিনি বলেন, ‘এটি এখনো জিজ্ঞাসাবাদের পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে যুক্তিসংগতভাবে যাদের সন্দেহ হবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করেই কার বিরুদ্ধে কতটুকু অভিযোগ প্রমাণিত হয়েছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিনা কারণে কোনো ব্যক্তিকে হয়রানি করা হবে না।’
তদন্তে বাইরের দেশের কারিগরি সহায়তা নেওয়া হবে কি না, তা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তারা এ ধরনের ঘটনা তদন্তে সম্পূর্ণ সক্ষম। তবে কোথাও যদি কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হয়, সে ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে।’
ডিএমপি কমিশনার অভিযোগ করে বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা) প্রশ্ন তুলেছেন যে বনানী থানার ওসি কেন গুলশান এলাকায় গেছেন? এ ঘটনার পরপরই আমি আমার সব কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলাম ঘটনাস্থলে যেতে। বনানী থানার ওসিও সে কারণেই গিয়েছিলেন। দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীর এই বক্তব্য উদ্দেশ্যপূর্ণ ও সন্ত্রাসীদের মদদ দেওয়ার শামিল।’
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দিদার আহম্মদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মনিরুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।