আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পণ্ড
ঝিনাইদহ শিল্পকলা একাডেমীতে গত সোমবার সন্ধ্যায় টিকিট ছাড়া প্রবেশ করতে না পারায় একদল উচ্ছৃঙ্খল যুবক হামলা চালিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পণ্ড করে দিয়েছে। উৎসবের আয়োজক মাহফুজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তৃতীয় দফা প্রদর্শনী চলার সময় আট থেকে ১০ জন যুবক প্রবেশ টিকিট ছাড়াই শিল্পকলা একাডেমীর হলরুমে প্রবেশের চেষ্টা করে। তাদের ঢুকতে না দেওয়ায় তারা জোর করে হলরুমে ঢুকে উৎসবে ব্যবহূত প্রজেক্টর ভাঙচুর করে। এ সময় তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে দুইজন আহত হন। ঘটনার পর উৎসব বন্ধ করে দেওয়া হয়। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘শিল্পকলা একাডেমীতে চলচ্চিত্র প্রদর্শনের সময় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।’ আয়োজকরা জানান, ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত উৎসব চলার কথা ছিল। উৎসবে প্রতিদিন তিনটি করে প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি ১৫টি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।