আন্তর্জাতিক চাপ রাখতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ফাইল ছবি
প্রথম আলোর ফাইল ছবি

রাখাইনে নারকীয় নৃশংসতা চালিয়ে তিন মাসে প্রায় সোয়া ছয় লাখ রোহিঙ্গাকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করেছে মিয়ানমার, বিশেষত দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মতবিরোধ দীর্ঘ সময়ের হলেও ভূরাজনৈতিক মেরুকরণ সংকটে নতুন মাত্রা যোগ করেছে। তাই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য শুধু দ্বিপক্ষীয় উদ্যোগ নয়, আন্তর্জাতিক প্রয়াস অব্যাহত রাখা জরুরি বলে মনে করেন কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের জন্য গত বৃহস্পতিবার সমঝোতা স্মারক সই করেছে। দুই মাসের মধ্যে এটির বাস্তবায়ন শুরু হচ্ছে কি না, তার ওপর তীক্ষ্ণ নজর রাখবে ইউরোপীয় ইউনিয়ন। আর চীন সমঝোতা স্মারক সই হওয়ায় বেশ উল্লসিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং গতকাল সাংবাদিকদের জানান, এ মুহূর্তে ইতিবাচক অগ্রগতিতে চীন সন্তুষ্ট। তাঁর মতে, রাখাইনের পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়ায় তৃতীয় পক্ষকে রাখার ওপর জোর দিয়েছে।

ইউএনএইচসিআরের মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ড গতকাল জেনেভা থেকে এক বিবৃতিতে বলেন, ‘ইউএনএইচসিআর এখনো চুক্তিতে কী আছে, তা দেখেনি। শরণার্থীদের ফেরার অধিকার রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে তাদের এই অধিকারচর্চার প্রক্রিয়াকে স্বাগত জানাই। তবে প্রথম ও প্রধান বিষয়টি হচ্ছে তাদের ফেরাটা স্বেচ্ছায় ও নিরাপদে হতে হবে, যাতে করে এটি টেকসই হয়।’ তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের এখনকার পরিস্থিতি নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী নয়। শরণার্থীরা এখনো পালাচ্ছে, অনেকেই সহিংসতা, ধর্ষণসহ নানা রকম শারীরিক নিপীড়নের শিকার হচ্ছে। অনেকে তাদের আপনজন ও বন্ধুকে হারিয়েছে। অধিকাংশেরই ফিরে যাওয়ার জন্য নিজেদের বাড়িঘর, গ্রাম কিছুই নেই।

তাঁর মতে, প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টির আগে কাউকে পাঠানো ঠিক নয়। তা ছাড়া কাউকে ফেরানোর আগে তার মত নেওয়াটা জরুরি। লোকজনের অবশ্যই নিজেদের বাড়িতে ফেরার সুযোগ থাকতে হবে, কোনো আবদ্ধ স্থানে নয়। সমস্যার মূল, বিশেষ করে আনান কমিশনে তাদের নাগরিকত্বহীনতার যে বিষয়টি বলা হয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। চুক্তির বিস্তারিত জেনে দুই দেশকে সহায়তার জন্য ইউএনএইচসিআর তৈরি আছে।

এইচআরডব্লিউর শরণার্থী অধিকার-বিষয়ক পরিচালক বিল ফ্রেলিক গতকাল রয়টার্সকে বলেন, মিয়ানমার অস্ত্র হাতে রোহিঙ্গাদের পুড়ে যাওয়া বাড়িতে স্বাগত জানাবে, এমন ধারণাটা হাস্যকর। তাঁর মতে, জনসমক্ষে চমকের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়কে এটা স্পষ্ট করতে হবে যে নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ ছাড়া কাউকে ফেরত পাঠানো যাবে না। যারা ফিরবে তাদের শিবিরে নয়, নিজেদের বাড়িতে ফিরবে।

ইইউর জ্যেষ্ঠ প্রতিনিধি ফেদরিকা মুঘেরিনি বলেন, ‘আমাদের সময়ের সবচেয়ে বাজে মানবিক ও মানবাধিকার সংকট সমাধানের ক্ষেত্রে আজ নেপিডোতে সই হওয়া প্রত্যাবাসন চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ ও প্রথম পদক্ষেপ।’ তিনি ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নেপিডো সফরের সময় মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টানেন। ফেদরিকা মুঘেরিনি বলেন, জরুরি ভিত্তিতে দুই দেশ প্রত্যাবাসনের জন্য দ্বিপক্ষীয় চুক্তি সই করায় তিনি উৎসাহ বোধ করছেন। গুরুত্বপূর্ণ অর্জনে তাদের এই অঙ্গীকারে তিনি সন্তুষ্ট। তাঁর মতে, ‘আমাদের প্রত্যাশা থাকবে কোনো রকম দেরি না করেই এই চুক্তি বাস্তবায়িত হবে। আর রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে তাদের বাসভূমিতে ফেরার জন্য মিয়ানমার সহায়ক পরিবেশ তৈরি করবে। আন্তর্জাতিক আইন মেনে চুক্তি বাস্তবায়িত হচ্ছে কি না ইইউ সতর্কতার সঙ্গে তা পর্যবেক্ষণ করবে।

তিনি জানান, সমস্যার টেকসই সমাধানের জন্য ব্যাপকতর জরুরি মানবিক সহায়তার পাশাপাশি এই প্রক্রিয়ায় দুই দেশকে আরও সহযোগিতায় তৈরি আছে ইইউ। এই প্রেক্ষাপটে ইইউ আনান কমিশনের সুপারিশের দ্রুত বাস্তবায়ন চায়।

রোহিঙ্গা সমস্যার তিন মাসের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়া ইতিবাচক ঘটনা। রোহিঙ্গা সমস্যা এবার শুধু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমিত নেই। এতে চীন, রাশিয়ার মতো বড় শক্তিগুলো যুক্ত হয়ে গেছে। গত তিন মাসের ঘটনাপ্রবাহে প্রমাণিত হয়েছে, এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই দুই দেশের সমর্থন জরুরি। এদের সমর্থন পেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করানো সম্ভব হবে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে এই দুই দেশকে বাংলাদেশের পক্ষে আনাসহ আন্তর্জাতিক উদ্যোগ চালিয়ে যেতে হবে।