আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে উন্নত দেশগুলোকে আইনগতভাবে বাধ্য করার জন্য আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবি জানিয়েছে জলবায়ু বিপর্যস্ত জনগোষ্ঠী ও বিভিন্ন উন্নয়ন সংগঠন। গতকাল মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।
প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনে কার্যকর চুক্তির দাবিতে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), নোয়াখালী পল্লী উন্নয়ন সংস্থা (এনআরডিএস), গান্ধী আশ্রম ট্রাস্ট ও গ্লোবাল কল টু অ্যাকশন অ্যাগেইনস্ট পোভার্টি (জিক্যাপ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এটি জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা কমিটির সভাপতি মনু গুপ্তের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস-বন্দর-বিদ্যুৎ ও খনিজ সম্পদ রক্ষা কমিটির জেলা আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, সুজনের সম্পাদক এ বি এম আবদুল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা প্যারিস সম্মেলনে আইনি বাধ্যবাধকতাসহ সর্বজনীন চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠন, জলবায়ু উদ্বাস্তুদের উন্নত দেশগুলোতে সম্মানজনক অভিবাসনের অধিকার প্রদান, জলবায়ু চুক্তিতে অংশীদারত্ব, ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা, জিসিএফ, অভিযোজন তহবিলসহ অন্যান্য তহবিলে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার খাতে সব ধরনের ঋণের সুযোগ বন্ধ করা, জলবায়ু তহবিলের ব্যবহারে স্থানীয় জনসংগঠনের অংশগ্রহণের সুযোগ তৈরি, ইতিমধ্যে সংঘটিত ক্ষয়ক্ষতি পূরণের জন্য অতিরিক্ত ‘ক্ষতিপূরণ’ প্রদান এবং সরকারি-বেসরকারি সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশের কণ্ঠ জোরদার করার দাবি জানান।