আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২টি দেশের প্রায় ৮৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে আন্তর্জাতিক জুনিয়র (অনূর্ধ্ব ১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ। গতকাল সোমবার নগরের জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।

দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়া, কোরিয়া, চায়নিজ, তাইপে, জাপান, থাইল্যান্ড, কেনিয়া, যুক্তরাষ্ট্র, হংকক, ফিলিপাইন, আইসল্যান্ড, ডমিনিকান রিপাবলিক উল্লেখযোগ্য। প্রতিযোগিতায় বাংলাদেশের ১৯ জন বালক ও সাতজন বালিকা অংশগ্রহণ করছে। যাদের মধ্যে রুমন, রণজিৎ ও আমির হামজা রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের খেলোয়াড়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়।

রোববার প্রতিযোগিতার বাছাইপর্বের পাঁচটি খেলা হয়। আজ মঙ্গলবার থেকে চূড়ান্ত পর্বের খেলা হবে। বালক ও বালিকা দুই বিভাগে জুনিয়র এই টেনিস খেলোয়াড়েরা আন্তর্জাতিক রেটিং পয়েন্ট অর্জনের লক্ষ্যে কোর্টে নামবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব খেলা দর্শকেরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা।