আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ
দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে শুরু হয়েছে দ্বাদশ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। প্রথমবারের মতো বাংলাদেশের ছয় শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ দলের সদস্যরা হলেন তাহমিদ মোসাদ্দেক, ফারদীম মুনির, মো. ফারহান রওনক, রুবাইয়্যাত ইকোলো, সালসাবিল আশরাফ ও শামসাদ এরাম। এরা মাধ্যমিক পর্যায়ের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল আটটার দিকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এসব কথা বলা হয়েছে।
তাহমিদ মোসাদ্দেক ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। এর আগে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে পঞ্চম হয়েছে সে।
ফারদীম মুনির স্যার জন উইলসন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। শৈশব থেকে বিজ্ঞানে আগ্রহী। ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায়। ২০১৪ সে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ফারদীম মুনির।
ফারহান রওনক বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। এর আগে রওনক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের অংশগ্রহণ করেছে। এ ছাড়া দেশে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, আর্থ অলিম্পিয়াডে অংশ নিয়ে বিজয়ী হয়েছে।
রুবাইয়্যাত ইকোলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ২০১০,২০১১, ২০১৩,২০১৫ সালে ‘ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো’ গণিত উৎসবের আঞ্চলিক উৎসবের বিজয়ী। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট ২০১৫ সালে জাতীয় পর্যায়েও বিজয়ী। জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৫ সালে পুরস্কার লাভ করে। ‘দ্য ডেইলি স্টার’ ক্লাইমেট চ্যাম্পিয়নশিপ ঢাকা বিভাগে প্রথম স্থান লাভ করে।
সালসাবিল আশরাফ পড়ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। ছোট বেলা থেকে বিজ্ঞানে তার প্রবল আগ্রহ।
শামসাদ এরাম ঢাকার এসএফএক্স গ্রীণ হেরাল্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিজ্ঞান নিয়ে উচ্চতর গবেষণার আগ্রহ রয়েছে তার।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন যৌথভাবে এ বছরের ২০ আগস্ট প্রথম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন করে। অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে পর্যায়ক্রমিক ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।
দলের সঙ্গে দলনেতা হিসাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, ব্র্যাকের শিক্ষা গবেষক ফারহানা মান্নান এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহকারী একাডেমিক কো-অর্ডিনেটর শিবলি বিন সারোয়ার।