আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বাদশ আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের একটি দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল আটটায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাংলাদেশের ছয়জন শিক্ষার্থীর একটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তারা হলো ফয়জুর রহমান আইডিয়াল স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের তাহমিদ মোসাদ্দেক, স্যার জন উইলসন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফারদীম মুনির , বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির মো. ফারহান রওনক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রুবাইয়্যাত ইকোলো, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির সালসাবিল আশরাফ ও এসএফএক্স গ্রীন হেরাল্ড স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শামশাদ এরাম।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে চলতি বছরের আগস্ট মাসে প্রথম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আয়োজন করে। এতে বিজয়ীদের নিয়ে পর্যায়ক্রমিক ক্যাম্পের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়। দলের সঙ্গে দলনেতা হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, ব্র্যাকের শিক্ষা গবেষক ফারহানা মান্নান এবং এসপিএসবির সহকারী একাডেমিক সমন্বয়কারী শিবলি বিন সারোয়ার। ১১ ডিসেম্বর এই জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড শেষ হবে। বিজ্ঞপ্তি।