আন্তর্জাতিক টেলিফোন কলরেট বাড়ছে
বৈদেশিক টেলিফোন কলরেট বাড়ানোর চিন্তা করছে সরকার। বর্তমান রেট মিনিট-প্রতি তিন সেন্ট (১০০ সেন্ট সমান এক ডলার) থেকে বাড়িয়ে চার সেন্ট করা হবে। বিশেষ করে ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) অবৈধ ব্যবসা রোধে বিভিন্ন দেশে কলরেট ‘একটি নির্দিষ্ট অঙ্কে’ নির্ধারণের সিদ্ধান্তও নিচ্ছে সরকার। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।জানা গেছে, বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও আন্তর্জাতিক টেলিযোগাযোগের (ভিওআইপি) অবৈধ ব্যবসা মোটেই কমছে না। গত দুই বছরে অবৈধ ভিওআইপি কল বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকের পাশাপাশি সরকারি ল্যান্ডফোনের (বিটিসিএল) মাধ্যমেও চলছে এই ব্যবসা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যা বের নজরদারি এড়িয়ে নিশ্চিন্তে এই ব্যবসা চলছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পলাতক অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের অনেকেই আবার ফিরে এসেছেন। গত দুই বছরে বিটিআরসি শতাধিক অভিযান চালালেও এই অবৈধ ভিওআইপি ব্যবসা এখনো চলছেই। এ কারণে সরকার সপ্তাহে প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।এ প্রসঙ্গে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, অবৈধ ভিওআইপির ব্যবহার ঠেকাতেই দাম আবারও প্রতি মিনিট চার সেন্ট করা হবে। সরকার উল্লেখযোগ্য হারে রাজস্ব হারাচ্ছে স্বীকার করে মন্ত্রী বলেন, এই খাতে ভিওআইপি লাইসেন্স দেওয়ার চেয়ে ভিওআইপির দাম বাড়িয়ে তা উন্মুক্ত করে দেওয়ার কথা ভাবছে সরকারের বিশেষজ্ঞ কমিটি। উল্লেখ্য, ২০০৯ সালের ১৯ মে আন্তর্জাতিক কলরেট প্রতি মিনিট চার সেন্ট থেকে কমিয়ে তিন সেন্ট করা হয়। বিটিআরসি সূত্র জানায়, ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ কোটি মিনিট আন্তর্জাতিক ফোন কল হয়েছে। এর মধ্যে দুই থেকে আড়াই কোটি মিনিট কল হয়েছে বৈধ পথে। ওই সময় কড়া নজরদারি ও অভিযান চালিয়ে অবৈধ কল রোধের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতা নেওয়ার পর ২০০৯ সালের জানুয়ারিতেই প্রায় আড়াই কোটি মিনিট বিদেশি কলের কোনো হিসাব পাওয়া যায়নি।সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন স্থানে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, কমিশনের নিয়ম অনুযায়ী একটি সংযোগ থেকে দিনে পাঁচ ঘণ্টার বেশি কথা বলা হলে তা দিয়ে অবৈধ কোনো কর্মকাণ্ড বিশেষ করে অবৈধ আন্তর্জাতিক কল করা হচ্ছে বলে সন্দেহ করা হয়। এ পর্যন্ত এ রকম অবৈধ ব্যবসায় জড়িত থাকার কারণে মোট আড়াই লাখ সংযোগ বন্ধ এবং বাতিল করা হয়েছে পাঁচটি পিএসটিএন (বেসরকারি ল্যান্ডফোন), ১৩টি আইএসপি (ইন্টারনেট সরবরাহকারী) ও ছয়টি ভিস্যাট লাইসেন্স।দেশে অবৈধ ভিওআইপি ব্যবসা চাঙা হওয়ার পেছনে বিটিআরসির আইএলডিটিএস (ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকম্যুনিকেশন সার্ভিস) পলিসি-২০০৭কে দায়ী করছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) ব্যবসায়ীদের অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, পৃথিবীর কোথাও ভিওআইপি অবৈধ নয়। কিন্তু বিটিআরসি মাত্র তিনটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়ায় অবৈধ ভিওআইপি ব্যবসা বেড়েছে। তাঁদের মতে, রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনও অবৈধ ভিওআইপি ব্যবসা বৃদ্ধির উল্লেখযোগ্য কারণ।মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটবের কোষাধ্যক্ষ ও সিটিসেলের টেকনিক্যাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, ‘নিজ ব্যবসার স্বার্থেই আমরা অবৈধ ভিওআইপির অবসান চাই।’ এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, সবার সহযোগিতা পেলে অবৈধ টেলিযোগাযোগ ব্যবসা রোধ করা সম্ভব।