পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সংবাদ সম্মেলন
আন্তর্জাতিক দরপত্র আহ্বান নয় দোষীদের শাস্তি দেওয়া হোক
পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি। সমিতির নেতারা বলেছেন, সময়মতো বই ছাপানোর জন্য সরকারের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার পরিবর্তে তাঁরা হতাশ ও হতভম্ব হয়েছেন। তাঁরা আরও বলেন, যে কাজটি এ দেশে করা সম্ভব, তা বিদেশে পাঠিয়ে দেওয়া হলে এদেশীয় মুদ্রণশিল্প ক্ষতির মুখে পড়বে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ কথা বলেন। এ সময় তাঁরা পাঠ্যবই নিয়ে সরকার ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সমালোচনা করেন। তাঁরা আরও বলেন, পাঠ্যবই ছাপানোর সঙ্গে এক হাজার মুদ্রণপ্রতিষ্ঠান, দুই হাজারেরও বেশি বাঁধাইপ্রতিষ্ঠান এবং অনেক পরিবহন সংস্থা প্রত্যক্ষভাবে জড়িত। মুদ্রণকাজ আন্তর্জাতিক বাজারে পাঠিয়ে দেওয়া হলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে মানসম্মত পাঠ্যবই দেওয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমিতির নেতারা জানান, মুদ্রাকর বা প্রকাশকদের কারও কারও কাজে সরকার ক্ষুব্ধ বা বিরক্ত হতে পারে। কিন্তু পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে কারও অনিয়ম বা গাফিলতি থাকলে এবং কেউ কাগজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাই বলে কিছু মুদ্রাকর বা প্রকাশকের অন্যায়ের ভাগীদার সবাই হতে পারে না।সংবাদ সম্মেলনে বলা হয়, সমাজের সব শ্রেণী ও পেশার মধ্যে কিছু অসাধু ব্যক্তি থাকে। মুদ্রাকর ও প্রকাশকদের মধ্যেও এ ধরনের কিছু লোক আছে। তাদের শাস্তি দাবি করে সম্মেলনে বলা হয়, ২০০৯ সালে বই ছাপানোয় অনিয়মের কারণ খুঁজে দেখতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। কিন্তু টাস্কফোর্স কাউকে দায়ী করতে পারেনি। এক প্রশ্নের জবাবে সমিতির নেতারা ২০০৯ ও ’১০ সালে পাঠ্যবই ছাপানোয় অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি তোফায়েল খান। উপস্থিত ছিলেন সমিতির নেতা শহীদ সেরনিয়াবাত, আবদুল হাই আলমগীর, নাগিবুল ইসলাম, আমিন হেলালী প্রমুখ।