আন্তর্জাতিক দরপত্রে কূপ খননের কাজ পেল বাপেক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স প্রথমবারের মতো কূপ খননের জন্য আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে দুটি কূপ খননের কাজ পেয়েছে। উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) আওতায় সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ক্রিস এনার্জি পরিচালিত কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে এই দুটি নতুন কূপ খনন করা হবে।
অবশ্য তেল-গ্যাস অনুসন্ধানের কাজে ২০০২ সালে আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে এই বাঙ্গুরা ক্ষেত্রেই দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের কাজ পেয়েছিল বাপেক্স।
বাঙ্গুরা গ্যাসক্ষেত্রটি স্থলভাগের ১১ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি ঘনফুট গ্যাস তোলা হচ্ছে। পুরোনো কূপগুলোর উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় নতুন দুটি কূপ (৬ ও ৭ নম্বর) খননের উদ্যোগ নিয়েছে ক্রিস এনার্জি।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, এই দুটি কূপ খননের জন্য আহ্বান করা দরপত্রে অংশ নিতে ১০টি কোম্পানি দরপত্র দলিল কিনেছিল। শেষ পর্যন্ত বাপেক্সসহ ছয়টি কোম্পানি দরপত্রে অংশ নেয়। এই দরপত্র প্রতিযোগিতায় বাপেক্সই যোগ্য বিবেচিত হয়েছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান গতকাল বুধবার বলেন, বাপেক্স কখনো কূপ খননের জন্য আন্তর্জাতিক দরপত্রে অংশ নেয়নি। কাজেই প্রথমবার কূপ খননের জন্য দরপত্রে অংশ নিয়ে কাজ পাওয়ার দিনটি বাপেক্সের জন্য বিশেষ কিছু।
বাঙ্গুরা ক্ষেত্রের পাশেই বাপেক্স পরিচালিত শ্রীকাইল গ্যাসক্ষেত্র। সেখানে দুটি কূপের মাধ্যমে দৈনিক চার কোটি ঘনফুটের মতো গ্যাস তোলা হচ্ছে। ভূতত্ত্ববিদেরা মনে করেন, বাঙ্গুরা ও শ্রীকাইল ক্ষেত্রের কাঠামো অভিন্ন। তাই বাঙ্গুরা থেকে গ্যাস উত্তোলন বাড়ানো হলে শ্রীকাইল ক্ষেত্রের গ্যাসও সেদিকে চলে যাবে। তাই শ্রীকাইলেও নতুন কূপ খনন করে উত্তোলন বাড়ানো দরকার। কিন্তু সে কাজে কখনোই মনোযোগ দেওয়া হয়নি। দীর্ঘদিন পর শ্রীকাইলে একটি নতুন কূপ খননের কাজ দেওয়া হয় রাশিয়ার গ্যাজপ্রমকে।