আন্তর্জাতিক নারী দিবস আজ, নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এবার দিবসটি ঘোষণার শতবর্ষ পূর্তি হচ্ছে। শত বছরে নারীর অধিকার কতটুকু প্রতিষ্ঠা হলো—এই প্রশ্ন সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর আন্তর্জাতিকভাবে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সম-অধিকার, সমান সুযোগ, সবার জন্য অগ্রগতি।’১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সাম্যবাদী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন জার্মান কমিউনিস্ট আন্দোলনের নেত্রী ক্লারা জেিকন। ১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।কর্মসূচি: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করবেন। দুপুর আড়াইটায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন পেশাজীবী নারীর অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রা হবে। মন্ত্রণালয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে আজ থেকে ছয় দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে।৬০টি সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি আজ দুপুর দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে। ঢাকা মহানগর পুলিশ দুপুর একটায় রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে নারী পুলিশদের সংবর্ধনা দেবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রা বের করবে।আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের ‘আমরাই পারি ক্যাম্পেইন’ আয়োজিত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ এবং বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশালের শায়েস্তাবাদ থেকে শুরু হওয়া শোভাযাত্রা আজ ঢাকায় শেষ হবে।রাঁধুনী বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০০৯’-এর আয়োজন করেছে।নারী উদ্যোগ কেন্দ্র বিকেল তিনটায় সিরডাপ মিলনায়তনে ক্রীড়াঙ্গনের নারীদের আজীবন সম্মাননা ও আলোচনার আয়োজন করেছে।জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা করবে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সকাল ১০টায় মুক্তাঙ্গনে নারী শ্রমিকদের নিরাপদ মাতৃত্বের দাবিতে শোভাযাত্রা করবে। ধরিত্রী ফাউন্ডেশন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে দলিত উত্সব ও নাটক প্রদর্শন করবে।ব্র্যাক ব্যাংক নারী কর্মীদের জন্য ‘নিঃসংকোচে বলতে চাই’ শীর্ষক সেলের উদ্বোধন করবে বিকেল চারটায় গুলশানে ব্যাংকের অ্যানেক্স ভবন ১-এ।সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স), শ্রমজীবী নারী ঐক্য, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় সমাজতান্ত্রিক দল, প্রদীপ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, জাতীয় নারী জোট, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস, গণসংহতি আন্দোলন, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন, বাংলাদেশ নাগরিক সমাজ, নারীর রাজনৈতিক আন্দোলন, জাগো নারী ফাউন্ডেশন, দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. ঢাকাসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে।