আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন আদিবাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহস্রাধিক আদিবাসী ও বাঙালি নারীর অংশগ্রহণে গতকাল মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিয়ামতপুর কলেজ রোড থেকে শোভাযাত্রা বের হয়ে নিয়ামতপুর শহর ঘোরার পর জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আদিবাসীদের ঐতিহ্যবাহী কলস নাচ ও গানের মাধ্যমে উপস্থিত সবাইকে স্বাগত জানানো হয়।
বিডিওর কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবু ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, আফজল হোসেন, আদিবাসী নেত্রী ফরজ মনি উরাওঁ, নিয়ামতপুর ডিগ্রি কলেজের শিক্ষক রোখশানা মোমতাজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিডিওর নির্বাহী পরিচালক আখতার হোসেন।
বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে আদিবাসী নারীরা ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে আসছে। উচ্ছেদ হচ্ছে ভূমি থেকেও। আদিবাসী ও বাঙালি নারী কৃষিমজুরেরা হচ্ছেন মজুরিবৈষম্যের শিকার। এ অবস্থা নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। তেমনি সরকারি উদ্যোগও প্রয়োজন।