আন্তর্জাতিক নারী দিবস পালন
‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল রোববার বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর, বিভিন্ন নারী সংগঠন, সরকারি ও বেসরকারি সংস্থা এসব কর্মসূচির আয়োজন করে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ মহিলা পরিষদ, নারী নেটওয়ার্ক ও নারী মুক্তি নামের সিলেটের তিনটি সংগঠন।
শোভাযাত্রা শেষে তারা শহীদ মিনারে সমাবেশ করে। বিকেলে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে ‘খুলে যাক মনের জানালা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের নিয়ে এর আয়োজন করে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ ছাড়া বিভিন্ন নারী সংগঠন, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা: নগরের কান্দিরপাড়ের টাউন হল মিলনায়তনে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। দিবসটি উপলক্ষেওইমিলনায়তনের সামনে মানববন্ধনও হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
ময়মনসিংহ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শহরে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, নারীবিষয়ক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ব্রাহ্মণবাড়িয়া: সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দুই দিনব্যাপী নারী মেলা শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মেলায় নারীদের তৈরি নানা পণ্যসামগ্রীর ২০টি স্টল রয়েছে।
শেরপুর: দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান।
পরে জেলা তথ্য কার্যালয়ের ব্যবস্থাপনায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে ব্র্যাক শেরপুরের পক্ষ থেকে সংস্থার আঞ্চলিক কার্যালয়ে পাঁচ জয়িতা শিবানী রাণী সূত্রধর, অবন্তী রাণী দাস, জোবায়দা হাবিব, মেরিনা বেগম ও ফুলেছা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।
জামালপুর: সকালে শহরের পিটিআই প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ। এ সময় বক্তারা যৌন হয়রানি প্রতিরোধ ও নারীর অধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ভৈরব (কিশোরগঞ্জ): সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জামিল আহম্মেদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে ফেরদৌস রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সুলতানা রাজিয়া, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন প্রমুখ।
এ ছাড়া নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনার কেন্দুয়া, কিশোরগঞ্জের নিকলী, মৌলভীবাজারের কমলগঞ্জ, টাঙ্গাইলের সখীপুর ও কুমিল্লার দাউদকান্দিতে দিবসটি পালিত হয়েছে।