আন্তর্জাতিক নারী দিবস, প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রশাসনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এবারের নারী দিবসের স্লোগান হচ্ছে, ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টায় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর। ঘণ্টাব্যাপী হওয়া মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু জাফর (উপসচিব), জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা, বেসরকারি উন্নয়ন সংগঠন সমতা নারী উন্নয়ন সংস্থার আকসারা খাতুন প্রমুখ।
নওগাঁয় জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনিছুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মস্তারী প্রমুখ।
এদিকে সাপাহার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী ও মোরশেদা পারভীন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
এ ছাড়া নওগাঁর রানীনগরে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ধানগড়া-লক্ষ্মীকোলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন প্রমুখ। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বগুড়ার শেরপুরে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এই মানববন্ধনের আয়োজন করেন। ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে ইউএনও এ কে এম সরোয়ার জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, সাংবাদিক মুনসী সাইফুল বারী ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল বক্তব্য দেন।