আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। নির্যাতনে যোগ হচ্ছে নতুন ধরন। নির্যাতনের বিরুদ্ধে নারীরা বিদ্রোহ ঘোষণা করেছে সেই ১৯৬০ সালে। কিন্তু নির্যাতন নারীর পিছু ছাড়েনি। আজ ২৫ নভেম্বর থেকে এ নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন দেশ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ হিসেবে পালন করবে। এ কর্মসূচি চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিরোধ পক্ষ পালন করবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন।ল্যাটিন আমেরিকার ডমিনিক্যান রিপাবলিকের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ন্যায়সংগত বিদ্রোহ করায় ১৯৬০ সালের ২৫ নভেম্বর প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। নারীদের ওপর এ নির্যাতন নারীরা সহজে মেনে নেয়নি। এরই প্রতিবাদ হিসেবে ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়।১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ২৫ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এতে নারীর পারিবারিক ও জনজীবনে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনকে অন্তর্ভুক্ত করা হয়।প্রতিবাদ পক্ষের কর্মসূচি: আজ নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস বাস্তবায়ন কমিটি এবার ‘উত্ত্যক্তকরণ নারীর স্বাভাবিক বিকাশ ও উন্নয়নের অন্তরায়’ প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ ডিসেম্বর দেশব্যাপী ইভ টিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করবে।স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং গ্যাড এলায়েন্স যৌথভাবে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে আজ সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।