আন্তর্জাতিক নৌ-চ্যানেলসহ ভরাট হয়ে যাচ্ছে নদ-নদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলসহ বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলার নদ-নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এ অঞ্চলের এককালের খরস্রোতা কুমারখালী, রামপাল, দাউদখালী, বগুড়া, বেতবুনিয়া ও মান্দারতলা নদী এবং বিষ্ণা নদী দিয়ে দেশ-বিদেশের জাহাজ চলাচল করলেও এখন নৌকা পর্যন্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।জানা যায়, একশ্রেণীর প্রভাবশালী চক্র নিজেদের ভূমিহীন দেখিয়ে নদীতে জেগে ওঠা চর চিরস্থায়ী বন্দোবস্ত নিচ্ছে। দুই পারের দখল করা জায়গা বাদ দিলে নদীগুলো এখন মরা নালায় পরিণত হয়েছে। এতে এই এলাকার পাঁচ লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা এবং মংলা বন্দর এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে।মংলা ও রামপালের নদ-নদীগুলো ঘুরে দেখা যায়, অপরিকল্পিত বেড়িবাঁধ, কালভার্ট ও সেতু নির্মাণ, নদী-খালে বাঁধ দিয়ে চিংড়ির চাষসহ বিভিন্ন কারণে নদীতে পানির স্বাভাবিক প্রবাহ থমকে গেছে। মংলা-ঘষিয়াখালীর ৩১ কিলোমিটার নৌপথের দুই পাশের শাখা নদী ও খালে একশ্রেণীর প্রভাবশালী অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বাঁধ দিয়ে নদী ও খালের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। গড়ে তুলেছে একের পর এক অবৈধ স্থাপনা।দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব এবং এই এলাকার মানুষের জীবন-জীবিকা নিয়ে কাজ করা সংগঠন কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের (সিডিপি) খুলনা বিভাগীয় সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বলেন, ‘এই এলাকার একটি স্বার্থান্বেষী মহল নদী-খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য চাষ করে আসছে। এতে পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়ে নদী ও খালগুলো মারাত্মক নাব্যতাহানির কবলে পড়েছে। সরকার কোনো পরিকল্পনা ছাড়াই নদীর দুই পারের চরের জায়গায় আবাসন প্রকল্প নির্মাণ করেছে। এ ছাড়া দখল অব্যাহত থাকলে এই এলাকার বিভিন্ন নদ-নদী ও খাল চিরতরে বিলীন হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।মংলার সোনাইলতলা ইউপির চেয়ারম্যান তাহের হাওলাদার বলেন, ‘যেভাবে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এর সাংঘাতিক প্রভাব পড়ছে আমাদের ওপর। নদী-খাল ভরাটের কারণে স্বাভাবিক জোয়ার এবং দুর্যোগকালীন জলোচ্ছ্বাসে বসতিপূর্ণ এলাকা, উঁচু ভূমি, খেতখামার এমনকি ঘরবাড়ি তলিয়ে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে তীব্র লবণাক্ততার বিস্তার, ফসলহানি, বৃক্ষ উজাড়, সবুজ বেষ্টনী ধ্বংস, পরিবেশ বিপর্যয়ের মাধ্যমে মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া শত শত কিলোমিটার নৌপথ হারিয়ে বেকার হয়ে গেছেন লক্ষাধিক নৌশ্রমিক।’ রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বায়ক ও ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মহিউদ্দিন শেখ বলেন, ‘রামপাল-মংলার জলাবদ্ধতা, লবণাক্ততা, জলোচ্ছ্বাস ও ফসলহানি রোধে নদী ও খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ করতে হবে। মংলা-ঘষিয়াখালী নৌপথসহ সব নদী ও খালের নাব্যতা পুনরুদ্ধারে অব্যাহতভাবে বড় ধরনের খনন চালাতে হবে।রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীন বলেন, ‘নদীর দুই পারে জেগে ওঠা চর বন্দোবস্ত দেওয়ায় নদী সংকুচিত হচ্ছে। সরকারি নির্দেশনা পেলে আমরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেব। কেউ অবৈধভাবে নদীর পার দখল করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’