আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পেল বাংলাদেশ
আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের (আইপিএইচও) ৪৩তম আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশের পক্ষে এই পদক জিতেছে ঢাকার সেফালন বিদ্যালয়ের শিক্ষার্থী সিঞ্জিনি সাহা। ব্রোঞ্জ পদক ছাড়া বাংলাদেশের আরও দুজন শিক্ষার্থী শোভন বিশ্বাস ও আহমেদ মাকসুদ সম্মানজনক স্বীকৃতি পেয়েছে।ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিন ও বিশ্ববিদ্যালয় নগর টার্টুতে গত ১৫ জুলাই থেকে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের সঙ্গে আরও রয়েছেন দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরশাদ মোমেন এবং উপ দলনেতা ও বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ। ২৩ জুলাই তাল্লিনের নকিয়া কনসার্ট হলে অলিম্পিয়াডে বিজয়ীদের পদক পরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড কমিটির উদ্যোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিল বাংলাদেশ দল। বিজ্ঞপ্তি।