আন্তর্জাতিক পর্যটন সম্মেলন শুরু
দেশে প্রথমবারের মতো শুরু হওয়া পর্যটন সম্মেলনে পরিকল্পিতভাবে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এই খাতের সঙ্গে জড়িত দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে গতকাল মঙ্গলবার থেকে ‘২০৫০ সালের পর পর্যটনের ভবিষ্যৎ’ শিরোনামে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবেই মনোরম। একদিকে কক্সবাজার সৈকত, পাহাড় আরেক দিকে সুন্দরবন। যে কেউ এ দেশে বেড়িয়ে আনন্দ পাবেন। তিনি বলেন, পর্যটনের উন্নয়নের কথা ভাবতে হলে দেশি-বিদেশি সব পর্যটক এবং বিদেশি পর্যটক সবার কথা ভাবতে হবে। এই সম্মেলন এই খাতের দিকনির্দেশনা দেবে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতের ইন্দিরা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস পি বানসাল বলেন, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশের পর্যটনের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত। দেশের পর্যটন খাত এগিয়ে নিতে পর্যটন স্থানগুলোর যথাযথ বিপণন ও সঠিক ব্যবস্থাপনা দরকার বলেও মনে করেন তিনি।